বলিউড অভিনেতা ভরত কাপুর মারা গেছেন
ভরত কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১৪:৩০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ | ১৪:৩৪
বলিউডের রূপালি পর্দার এক সময়ের দাপুটে অভিনেতা ভরত কাপুর মারা গেছেন। সোমবার দুপুর ৩টার দিকে মুম্বাইয়ের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮০।
ভারতীয় সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা অবতার গিল। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ভরত। গত তিনদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। তার একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল।
থিয়েটারে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছিলেন ভরত কাপুর। গত শতকের সত্তর দশকে হিন্দি ছবিতে তার অভিষেক। তাকে রুপালি পর্দায় নিয়ে আসেন দেব আনন্দের ভাই চেতন আনন্দ। প্রায় তিন দশক নিয়মিত নানা পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি।
নানা ভূমিকায় নিজেকে প্রমাণ করেছেন ভরত। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘লাভ স্টোরি’, ‘বাজার’, ‘গোলামি’, ‘আখরি রাস্তা’, ‘সত্যমেব জয়তে’, ‘স্বর্গ’, ‘খুদা গাওয়া’, ‘রং’ প্রভৃতি। ২০০৪ সালের ছবি ‘মীনাক্ষ্মী: আ টেল অব থ্রি সিটিস’ ছবিতেও তিনি অভিনয় করেছিলেন।
চলচ্চিত্রের পাশাপাশি ‘ক্যাম্পাস’, ‘সাঁস’, ‘আমানত’, ‘তারা’, ‘চুনৌতি’র মতো একাধিক ধারাবাহিকে কাজের সুবাদে তিনি হয়ে উঠেছিলেন টেলিভিশনেরও পরিচিত মুখ।
- বিষয় :
- অভিনেতা
- মারা গেছেন
