ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মাঝে সামনে এলো জেনিফারের প্রথম বিচ্ছেদ অধ্যায়

দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মাঝে সামনে এলো জেনিফারের প্রথম বিচ্ছেদ অধ্যায়
×

করণ সিং গ্রোভার ও জেনিফার উইঙ্গেট

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৭:৫১ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ১৮:০৪

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে ঘিরে ফের শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি তাঁর দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে প্রাক্তন স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের অধ্যায়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইশমেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন জেনিফার। যদিও এ বিষয়ে অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে এই জল্পনার মধ্যেই ভাইরাল হয়েছে বিচ্ছেদ পরবর্তী সময় নিয়ে তার এক পুরনো সাক্ষাৎকার।

২০২২ সালে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার জানিয়েছিলেন, করণের সঙ্গে বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তার ভাষায়, তখন তিনি এতটাই দিশেহারা ছিলেন যে নিজেকে কীভাবে সামলাবেন বা অন্যদের কী বলবেন, সেটাই বুঝতে পারছিলেন না।

অভিনেত্রী বলেন, ‘বন্ধুরা আমাকে বাইরে বের করার চেষ্টা করলেও কারও সঙ্গে দেখা করতে বা কোথাও যেতে চাইতাম না। এমনকি বাইরে গেলে মানুষের সহানুভূতিপূর্ণ দৃষ্টিও আমার কাছে অস্বস্তিকর মনে হতো।’

জেনিফার জানান, অনেকেই তাঁর মঙ্গল চাইলেও বারবার করুণার চোখে তাকানো তাঁকে বিরক্ত করত। তিনি চেয়েছিলেন স্বাভাবিকভাবে জীবনকে এগিয়ে নিতে।

তবে বিচ্ছেদের জন্য তিনি কখনোই একতরফাভাবে করণকে দায়ী করেননি। তাঁর মতে, সম্পর্কের ভাঙনের পেছনে দুজনেরই কিছু সীমাবদ্ধতা ছিল। তখন হয়তো তাঁরা জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত ছিলেন না। তাই পুরো ঘটনাকে তিনি ‘ভুল সময়ের এক দুর্ভাগ্যজনক পরিণতি’ হিসেবে দেখেন।

জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল গেয়ে’-এর সেটে পরিচয় থেকে প্রেম, পরে ২০১২ সালে বিয়ে করেন জেনিফার ও করণ। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

পরবর্তীতে ২০১৬ সালে করণ বিয়ে করেন অভিনেত্রী বিপাশা বসুকে। বর্তমানে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।

অন্যদিকে জেনিফার নিজের অভিনয়জীবনে সফলভাবেই এগিয়ে চলেছেন। নতুন সম্পর্ক ও সম্ভাব্য বিয়ের গুঞ্জন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×