ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

অনলাইন জুয়ায় হাতিয়ে নেওয়া অর্থ বিদেশে পাচার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়ায় হাতিয়ে নেওয়া অর্থ বিদেশে পাচার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৮:৪১

অনলাইন জুয়ার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ বিদেশে পাচারে জড়িত চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন– মো. সোলায়মান, সাগর মিয়া ও জুয়েল রানা। সোমবার সিআইডির সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার একটি দল টাঙ্গাইলে এ অভিযান চালায়। 

সিআইডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় দেখতে পায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলা ও অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে চলছে ওইসব জুয়া। জুয়ার সাইটে ব্যবহৃত বিভিন্ন এজেন্টের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে সিআইডি বাদী হয়ে পল্টন থানায় গত ১৭ মে মামলা করে। এরপর সিপিসি তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম এগিয়ে নেয়। তদন্তে জানা যায়, জুয়ায় অংশ নেওয়ার জন্য প্রথমে নির্দিষ্ট অনলাইন সাইটে একটি অ্যাকাউন্ট (ওয়ালেট) খুলতে হয়। পরে অভিযুক্তরা অংশগ্রহণকারীদের এমএফএস নম্বর, ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ জমা দিতে উৎসাহিত করে। অংশগ্রহণকারীদের জমা দেওয়া অর্থের বিপরীতে তাদের অ্যাকাউন্টে ই–মানি বা ভার্চুয়াল ব্যালেন্স যুক্ত হলে তা অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন অঞ্চলে অনলাইন জুয়ার এজেন্ট নিয়োগ করে। পরে এজেন্টদের এমএফএস ও ব্যাংক হিসাব সংগ্রহ করে সেগুলো জুয়ার সাইটে ব্যবহার করা হয়। জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা কমিশন কেটে রাখার পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে তা বিদেশে পাচার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অনলাইন জুয়ার কার্যক্রমে ব্যবহৃত এজেন্ট সিম ও আর্থিক লেনদেনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিয়েছেন। গ্রেপ্তার সোলায়মান অর্থের বিনিময়ে তার এজেন্ট সিম অনলাইন জুয়ার সাইটে ব্যবহারের জন্য সাগর মিয়াকে সরবরাহ করেছিল। সাগর ও জুয়েল এমএফএস’র ডিএসও, তারা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে জুয়ার সাইটে বিভিন্ন এজেন্ট সিম সংগ্রহ করে দিত। আর এসব সিম অনলাইন জুয়ার সাইটে অর্থ জমা ও তোলার কাজে ব্যবহৃত হয়েছিল।

আরও পড়ুন

×