নেইমার-ভিনিসিয়ুসদের জন্য মৌসুমী প্রকাশ করলেন বিশেষ অ্যানথেম
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৮:১৬
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকে সংগীতশিল্পী আয়েশা মৌসুমী প্রকাশ করেছেন বিশেষ সংগীত ‘ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম’।
সম্প্রতি গানটি মৌসুমীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই ব্রাজিল সমর্থকদের মধ্যে গানটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বিশ্বকাপের আবহকে কেন্দ্র করে তৈরি এই অ্যানথেমে ফুটে উঠেছে সেলেসাওদের প্রতি শিল্পীর আবেগ, প্রত্যাশা ও ভালোবাসা।
গানটি নিয়ে আয়েশা মৌসুমী বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। একজন অন্ধ ভক্ত হিসেবে সবসময়ই দলটির জন্য শুভকামনা থাকে। সেই ভালোবাসার জায়গা থেকেই ‘ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম’ তৈরি করেছি। আশা করি, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও তাদের সতীর্থরা এবার দারুণ কিছু উপহার দেবেন এবং ব্রাজিল ঘরে তুলবে তাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ।’
শুধু গানেই নয়, প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে নিজের ব্যক্তিগত স্টাইলেও পরিবর্তন এনেছেন এই গায়িকা। ব্রাজিলের জাতীয় পতাকার রঙের সঙ্গে মিল রেখে চুলে করেছেন হলুদ ও সবুজ রঙের সংমিশ্রণ। একই সঙ্গে তার পোশাকেও এখন প্রাধান্য পাচ্ছে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ রঙ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত ব্রাজিল দলের প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে নানা পোস্ট শেয়ার করছেন।
‘ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম’-এর গীতিকার নাঈম প্রধান। গানটির সাউন্ড ডিজাইন, মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন মীর মাসুম। আর ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।
বিশ্বকাপের আবেগকে সংগীতের মাধ্যমে নতুনভাবে তুলে ধরার এই উদ্যোগ ব্রাজিল সমর্থকদের কাছে বিশেষ আবেদন তৈরি করবে বলেই বিশ্বাস আয়েশা মৌসুমীর। তার প্রত্যাশা, ফুটবলপ্রেমীরা গানটির মাধ্যমে বিশ্বকাপের উন্মাদনাকে আরও গভীরভাবে অনুভব করবেন।
- বিষয় :
- নতুন গান
