ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নর্দমা প্রজন্ম মন্তব্যের জের

কঙ্গনাকে কড়া ভাষায় সাবধান করলেন রাখি-সোনু

কঙ্গনাকে কড়া ভাষায় সাবধান করলেন রাখি-সোনু
×

কঙ্গনা রনৌত, সোনু সুদ ও রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৬:৫৭ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ১৭:০২

ভারতের শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনায় পড়েছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। আন্দোলনরত শিক্ষার্থীদের ‘নর্দমা প্রজন্ম’ বলে আখ্যা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এবার এ নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও অভিনেতা সোনু সুদ।

বিতর্কের সূত্রপাত কঙ্গনার একটি ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের কয়েকটি ভিডিও দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে দাবি করেন, এমন দৃশ্য আগে কখনও দেখেননি এবং ভিডিওগুলো দেখে তার ‘গা গুলিয়ে উঠেছে’। এরপর আন্দোলনকারী তরুণ-তরুণীদের ‘নর্দমা প্রজন্ম’ বলে মন্তব্য করেন তিনি।

কঙ্গনার এই মন্তব্যের জবাবে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রাখি সাওয়ান্ত। সেখানে তিনি বলেন, একজন সাংসদ হয়ে দেশের শিক্ষার্থী ও তরুণীদের সম্পর্কে এ ধরনের ভাষা ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাখির ভাষায়, ‘আপনি সাধারণ মানুষের প্রতিনিধি। আপনার মুখে এমন মন্তব্য মানায় না।’

এ সময় তিনি চণ্ডীগড় বিমানবন্দরে এক নারী কনস্টেবলের হাতে কঙ্গনার চড় খাওয়ার পুরোনো ঘটনাও স্মরণ করিয়ে দেন। রাখির দাবি, মানুষের অনুভূতিতে আঘাত করে এভাবে মন্তব্য করতে থাকলে ভবিষ্যতেও সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হতে পারে।

অন্যদিকে কঙ্গনার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা সোনু সুদও। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রথমে বিষয়টি তার জানা ছিল না। পরে মন্তব্যটি সম্পর্কে অবগত হয়েছি। এরপর সোনু বলেন বলেন, ‘এই তরুণরা অভিনেতাদের তৈরি করেন এবং আপনাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেন। যত দিন তারা আপনার পাশে থাকবে, তত দিনই আপনি এগিয়ে যাবেন। তারা পাশে না থাকলে চলা কঠিন হয়ে পড়ে।’

অভিনেতা আরও বলেন, ‘আপনি অভিনেতা, ডাক্তার কিংবা অন্য যে পেশাতে থাকুন না কেন, সাধারণ মানুষের ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। সমাজে আপনার অবস্থানের মূল্যও তাদের কারণেই।’

কঙ্গনা যদি সত্যিই তরুণ প্রজন্মকে ‘নর্দমা’ বলে থাকেন, তবে সেটি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন সোনু সুদ।  একই সঙ্গে একটি হিন্দি প্রবাদ উল্লেখ করেন। তিনি বলেন, ‘এ ধরনের কথা বলা একদম উচিত হয়নি। একটি প্রবাদ আছে— ‘তোল মোল কে বোল’, অর্থাৎ কথা বলার আগে তা ভেবে বলা উচিত। কথা বলার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি। কারণ সাধারণ মানুষ আসল শক্তি।’ সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×