ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পারিবার, বন্ধুত্ব ও মানবিক লড়াইয়ের গল্পে ‘ছায়া হয়ে থেকো’

পারিবার, বন্ধুত্ব ও মানবিক লড়াইয়ের গল্পে ‘ছায়া হয়ে থেকো’
×

সোহেল মন্ডল ও সামিয়া অথৈ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ২০:০৪ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ | ২১:৩৪

বিজ্ঞাপন, নাটক, ওটিটি ও সিনেমা—সব মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন অভিনেতা সোহেল মন্ডল। এবার নতুন নাটক ‘ছায়া হয়ে থেকো’-তে অভিনয় করেছেন তিনি। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সামিয়া অথৈর সঙ্গে।

নাটকটির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন রহিম সুমন। ভালোবাসার গল্পের পাশাপাশি এতে উঠে এসেছে পারিবারিক অহংকার, সামাজিক শ্রেণিবিভাজন, বন্ধুত্ব, ত্যাগ ও আত্মউপলব্ধির মতো মানবিক বিষয়।

সোহেল মন্ডল ও সামিয়া অথৈ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন এস এইচ শুভ্র, মিলি বাসার, হারুনুর রশীদ, রিয়াদ আহসান রনি, মিতু খানসহ অনেকে।

নাটকের গল্পে দেখা যায়, রিয়াজ একটি প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। তার বাবা আলী আহমেদ পরিবার, বংশমর্যাদা ও সামাজিক সম্মানকে জীবনের সবচেয়ে বড় মূল্য মনে করেন। কিন্তু রিয়াজ ভালোবাসে মায়াকে। শিক্ষিত ও সংবেদনশীল তরুণী মায়া মাকে নিয়েই বড় হয়েছে। তার পারিবারিক পরিচয় রিয়াজের পরিবারের কাছে ‘সম্মানজনক’ নয়।

বাবার আপত্তি সত্ত্বেও রিয়াজ বিশ্বাস করে, মানুষের পরিচয় তার বংশে নয়, বরং তার মন ও মানবিকতায়। অন্যদিকে মায়ার জীবনে দীপ্তর উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একপর্যায়ে তিনটি মানুষের ভালোবাসা, দ্বিধা ও বন্ধুত্ব রূপ নেয় আবেগঘন এক ত্রিভুজে।

নাটকটি প্রসঙ্গে সোহেল মন্ডল বলেন, “ছায়া হয়ে থেকো’ নাটকের গল্প শুনেই রাজি হয়ে গেছি। কারণ, নাটকের গল্প ও চরিত্র আমাকে মুগ্ধ করেছে। এখানে পারিবারিক, সামাজিক, বন্ধুত্ব ও আত্মউপলব্ধির মানবিক লড়াইয়ের বেশ কিছু দিক তুলে ধরা হয়েছে। বিশেষ করে আমার চরিত্রটি দারুণ। সব মিলিয়ে ভালো একটি নাটকের অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।”

নির্মাতা রহিম সুমন বলেন, ‘ভিন্ন একটি গল্প দর্শকের সামনে আনতে পেরে ভালো লাগছে। এই নাটকে বেশ কয়েকটি স্তর রয়েছে, যার একটির সঙ্গে আরেকটির মিল নেই। নাটকটি মূলত একটি ত্রিভুজ প্রেমের পারিবারিক গল্প, যা আমাদের বর্তমান সমাজব্যবস্থা ও সামাজিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছি।’

অভিনয়শিল্পীদের প্রশংসা করে তিনি বলেন, ‘এখানে যারা অভিনয় করেছেন, সবাই ভালো করেছেন। সব মিলিয়ে দর্শকের সামনে ভালো একটি গল্প আসছে।’

রহিম সুমন আরও জানান, ‘ছায়া হয়ে থেকো’ তার নিজের লেখা প্রথম নাটক, যা তিনি নিজেই পরিচালনা করেছেন। নাটকটি আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে।

আরও পড়ুন

×