সালমান শাহ স্মরণে সপ্তাহজুড়ে বিশেষ আয়োজন
সালমান শাহ। ছবি: সংগৃহীত
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:১৪ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:১৫
ঢালিউড সিনেমার অমর নায়ক সালমান শাহ। রুপালি পর্দায় তাঁর উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছিল। তাঁর অকালপ্রয়াণের তিন দশক পরও সেই ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সালমান শাহ হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের নস্টালজিয়ার অন্যতম নাম। তাঁর সিনেমা মানে নব্বইয়ের দশকের রোমান্টিকতা, তারুণ্যের আবেগ আর দর্শকের ভালোবাসায় ভরা এক স্বর্ণালি অধ্যায়।
আগামীকাল রোববার ৬ সেপ্টেম্বর সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। বিশেষ এ দিনটিকে সামনে রেখে প্রয়াত নায়কের স্মরণে সপ্তাহজুড়ে বিশেষ আয়োজন করেছে দীপ্ত টিভি। আয়োজনের অংশ হিসেবে আজ শনিবার থেকে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত টানা সাত দিন দুপুর আড়াইটায় প্রচারিত হবে সালমান শাহ অভিনীত সাতটি সিনেমা।
আয়োজনের প্রথম দিন আজ শনিবার প্রচারিত হবে শাহ আলম কিরণ পরিচালিত ‘বিচার হবে’। এতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি। আগামীকাল সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীর দিন দেখানো হবে এম এ খালেদ পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’।
এতে সালমান ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত। সোমবার, ৭ সেপ্টেম্বর থাকছে শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। এতে সালমান ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।
৮ সেপ্টেম্বর প্রচারিত হবে মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’। এতে সালমানের সহশিল্পী বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার। ৯ সেপ্টেম্বর দর্শক দেখতে পাবেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। এতে অভিনয় করেছেন সালমান, শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা। ১০ সেপ্টেম্বর থাকছে রেজা হাসমত পরিচালিত ‘প্রেম পিয়াসী’। অভিনয়ে সালমান, শাবনূর, আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।
সপ্তাহব্যাপী এই আয়োজনের শেষ দিন শুক্রবার, ১১ সেপ্টেম্বর প্রচারিত হবে বাদল খন্দকারের ‘স্বপ্নের পৃথিবী’। অভিনয়ে সালমান, শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ। অকালপ্রয়াণের ৩০ বছর পরও সালমান শাহর জনপ্রিয়তা প্রমাণ করে, প্রজন্ম বদলালেও তাঁর প্রতি দর্শকের ভালোবাসা বদলায়নি।
দীপ্ত টিভির সপ্তাহব্যাপী এ আয়োজন সেই ভালোবাসা ও স্মৃতিকে আরও একবার ফিরিয়ে আনবে দর্শকের ঘরে।
- বিষয় :
- সালমান শাহ