‘আমার স্বামীর মতো কেউ নেই’, নিককে নিয়ে প্রিয়াঙ্কার আবেগঘন পোস্ট
ছবি: এনডিটিভি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ১৭:৫৫
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের দাম্পত্য জীবনের মিষ্টি মুহূর্ত আবারও আলোচনায় এসেছে। করওয়া চৌথ উপলক্ষে স্ত্রীকে চমকে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন নিক। চলমান সংগীত সফরের ব্যস্ততার মধ্যেও স্ত্রীর সঙ্গে উৎসব উদ্যাপন করতে বাড়ি ফিরেছেন তিনি। স্বামীর এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন প্রিয়াঙ্কা।
শুক্রবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন প্রিয়াঙ্কা। সেখানে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের সঙ্গে পারিবারিক মুহূর্ত ভাগ করে নেন তিনি।
পোস্টের ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমি কিছু বলার আগেই সে বাড়ি ফিরে এসেছে। সে জানত, বিষয়টি আমার ও আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। করওয়া চৌথে বাড়িতে থাকতে পারে, এমনভাবে নিজের সফরের পরিকল্পনা করেছে সে। আমার স্বামীর মতো কেউ নেই। তোমাদের জীবনেও এমন ভালোবাসা আসুক। সবাইকে করওয়া চৌথের শুভেচ্ছা।’
উৎসব উপলক্ষে লাল রঙের শারারা পরেছিলেন প্রিয়াঙ্কা। ছবিতে তার সাজে ছিল ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক ও অলংকারের ছোঁয়া। একটি ছবিতে নিককে দেখা যায়, মেয়ে মালতির ছোট জুতা দিয়ে নিজের মুখ আড়াল করে রেখেছেন। অন্য একটি ছবিতে করওয়া চৌথের সঙ্গে সম্পর্কিত মঙ্গলসূত্রসহ নিজের অলংকারও তুলে ধরেছেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কার পোস্টে ভক্তদের কাছ থেকে এসেছে অসংখ্য ইতিবাচক মন্তব্য। একজন লিখেছেন, ‘নিক যেভাবে এই সংস্কৃতিকে আপন করে নিয়েছেন, সম্মান করছেন এবং এর সঙ্গে নিজেকে যুক্ত করেছেন, তা সত্যিই সুন্দর। এমন একজন জীবনসঙ্গী পাওয়ায় আমি আনন্দিত।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘আমাদের দেশি গার্ল সেরা জোনাস ভাইকে পেয়েছেন।’ কেউ কেউ আবার বিদেশে থাকলেও নিজের শিকড় ও সংস্কৃতিকে ধরে রাখার জন্য প্রিয়াঙ্কার প্রশংসা করেছেন।
বর্তমানে ভাই জো ও কেভিন জোনাসের সঙ্গে ‘বার্নিং আপ ট্যুর অল ওভার এগেইন’ সংগীত সফরে ব্যস্ত নিক। ২০০৮ সালের ‘বার্নিং আপ ট্যুর’ থেকে অনুপ্রাণিত এই সফর শুরু হয় গত ২০ আগস্ট নিউইয়র্কে। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে কনসার্ট শেষে ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে এই সফর।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরে বিয়ে করেন। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতি মেরির জন্ম হয়।
কাজের দিক থেকে প্রিয়াঙ্কাকে শিগগিরই দেখা যাবে পরিচালক এস এস রাজামৌলির সিনেমা ‘বারাণসী’তে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- প্রিয়াঙ্কা চোপড়া
- নিক জোনাস