ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

অনন্যার নাম-ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, সরাতে হবে আপত্তিকর কনটেন্ট

অনন্যার নাম-ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, সরাতে হবে আপত্তিকর কনটেন্ট
×
×

অনন্যা পান্ডে

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ১৪:৪০ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ | ১৫:০৩

ডিপফেক প্রযুক্তির অপব্যবহারে অনেক দিন ধরে বিব্রতকর অবস্থায় দিন কাটাচ্ছিলেন বলিউড তারকা অনন্যা পান্ডে। যে কারণে তিনি বাধ্য হয়েছিলেন আইনের আশ্রয় নিতে। যার পরিপ্রেক্ষিতে বোম্বে হাইকোর্ট অনন্যা পান্ডের নাম, ছবি, ভিডিও এবং এআই-জেনারেটেড কনটেন্টের বাণিজ্যিক ব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে তাঁকে অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষা দিয়েছে।

একইসঙ্গে আদালত ইন্টারনেট থেকে সব ধরনের আপত্তিকর ও বিতর্কিত বিষয়বস্তু অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

এ খবরের পাশাপাশি এইসময়সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার, ৫ নভেম্বর বিচারপতি মাধব জামদার এই মামলার শুনানি শেষে অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

অনন্যা পান্ডে তাঁর পার্সোনালিটি রাইটস রক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও বাণিজ্যিক সংস্থা অনুমতি ছাড়াই তাঁর ছবি, ভিডিও ক্লিপ এবং এআই-এর সাহায্যে তৈরি ভুয়া ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার করছে। আদালত সমস্ত নথিপত্র ও কনটেন্ট পরীক্ষা করে দেখেছে যে অভিনেত্রীর প্রাথমিক অধিকার লঙ্ঘিত হয়েছে।

বিচারপতি জামদার জানান, এই ধরনের কাজ অনন্যা পান্ডের গোপনীয়তা রক্ষার অধিকার, প্রচারের অধিকার, নৈতিক অধিকার এবং সম্মান নিয়ে বাঁচার অধিকারের পরিপন্থি।

প্রসঙ্গত, বলিউড ও টেলিভিশন দুনিয়ায় তারকাদের পার্সোনালিটি রাইটস এবং এআই ডিপফেকের অপব্যবহার নিয়ে আইনি লড়াইয়ের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। অনন্যার পাশাপাশি একই দিনে অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ও আদালত থেকে একইরকম আইনি সুরক্ষা পেয়েছেন।

আরও পড়ুন

×