আজ থেকে 'ব্যাচেলর পয়েন্ট সিজন টু'
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০১:০৯
চলতি বছরের শুরুতে চ্যানেল নাইনে প্রচার হয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট'। নাটকটির ৫২ পর্ব প্রচার হওয়ার পর হঠাৎ করেই তা বন্ধ ঘোষণা করা হয়। তারপর এই নাটকটি আবারও প্রচারের দাবিতে চ্যানেল নাইন কার্যালয়ের সামনে মানববন্ধন করেন দর্শক। দীর্ঘদিন অতিবাহিত হলেও নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ আগের মতোই। দর্শকপ্রিয়তার কথা চিন্তা করেই নির্মাতা কাজল আরেফিন অমি আবারও নাটকটি নির্মাণ করেছেন।
এবারের নাম 'ব্যাচেলর পয়েন্ট সিজন টু'।গতবারের মতো এবারের নাটকেও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও মারজুক রাসেল।
কাজল আরেফিন অমি বলেন, 'দর্শক অনেক অপেক্ষা করেছেন 'ব্যাচেলের পয়েন্ট সিজন টু' নাটকের জন্য। এবার অপেক্ষার অবসান হলো। ব্যাচেলর পয়েন্টের সামনের নতুন পর্বে আরও মজার মজার ঘটনা থাকবে।'
কমেডি ঘরানার 'ব্যাচেলর পয়েন্ট সিজন টু' নাটকটি আজ থেকে বাংলাভিশনে প্রতি বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে।
- বিষয় :
- ব্যাচেলর পয়েন্ট
- কাবিলা
