সংলাপে আপত্তি, সেন্সরে আটকে গেলো ‘ন ডরাই’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৫:১৪ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ | ০৭:৩৮
গল্প ও নির্মাণে প্রশংসিত হলেও আপত্তিকর সংলাপের জন্য সেন্সর বোর্ডের চৌকাঠ পেরোতে পারেনি সার্ফিং নিয়ে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ন ডরাই’। বৃহস্পতিবার সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বিষয়টি সমকাল অনলাইনকে নিশ্চিত করেছেন।
‘ন ডরাই’ স্টার সিনেপ্লেক্সের প্রথম প্রযোজিত ছবি। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল।
ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও অমিতাভ-দীপিকার ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখে প্রশংসিত হন।
বৃহস্প্রতিবার ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করলেও কিছু সংলাপ নিয়ে আপত্তি জানান। এই আপত্তির জন্যই ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়নি।
সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, ‘ছবিটির গল্প এবং নির্মাণ চমৎকার। তবে কিছু সংলাপে আমাদের আপত্তি রয়েছে। এসব বিষয়ে সংশোধনী আনতে বলা হবে ছবির কর্তৃপক্ষকে। সংশোধনের পর আবার আমরা দেখবো।'
‘ন ডরাই’ শব্দের মানে হলো ভয় করি না। ছবিতে সমাজ ও পরিবারের ভয়কে জয় করে সার্ফার হিসেবে এক নারীর প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হয়েছে, যা অন্য নারীদের উৎসাহিত করবে বলে মনে করছেন ছবি সংশ্লিষ্টরা।
- বিষয় :
- ন ডরাই
- বিনোদন
- সেন্সর বোর্ড
