ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কারওয়ান বাজারে দুইদিন সবজির টুকরি নিয়ে ঘুরলেন অভিনেতা

কারওয়ান বাজারে দুইদিন সবজির টুকরি নিয়ে ঘুরলেন অভিনেতা
×

'কারওয়ান বাজার' নাটকের একটি দৃশ্যে নাদিয়া ও তানভীর

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১ | ০৫:৩৭ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ | ০৬:১২

'মামা, আমাকে দ্যান। আমি তাড়াতাড়ি পৌঁছে দেব। আপনার মালের (কাঁচা সবজি) ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবো।' রাজধানীর কারওয়ান বাজারে যারা বাজার করতে যান তারা এই বাক্যটির সঙ্গে পরিচিত। এখানে বাজার করতে আসা পাইকারদের কাছে এভাবেই আবেদন জানান মিনতিরা (টুকরি শ্রমিক)। 

কারওয়ান বাজারে এই টুকরি শ্রমিকরা শরীরের ঘাম ঝরিয়ে ক্রেতাদের গন্তব্যে পৌছে দেন মালামাল। ভোর থেকে রাত অব্দি কাজ করতে হয় তাদের। একদিন কাজ না করলে পরিবার নিয়ে থাকতে হয় অনাহারে। তবে এখানে রয়েছে একদল মানুষের শোষণ নিপীড়ন। কারওয়ান বাজারের এই টুকরি শ্রমিকদের জীবন সংগ্রাম ও দুঃখ-দুর্দশা নিয়ে সম্প্রতি নির্মিত হলো একটি নাটক। নাম 'কারওয়ান বাজার'। এটি রচনা ও পরিচালনা করেছেন স্ম্যাক আজাদ। 

এতে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন, গোলাম কিবরিয়া তানভীর ও  সালাহ খানম নাদিয়া। তানভীর টুকরি শ্রমিক আর নাদিয়া ভাসমান সবজি বিক্রেতার চরিত্রে অভিনয় করেন।

নাটকে অভিনয় করতে গিয়ে টানা দুইদিন সবজির টুকরি নিয়ে ঘুরতে হয়েছে তানভীরকে। মিশে যেতে হয়েছে মিনতিদের সঙ্গে। তানভীর বলেন, 'শুটিংয়ের আগে কারওয়ান বাজারে গিয়ে সব দেখে আসি। মিনতিদের সঙ্গে মিশে তাদের চালচলন আয়ত্ব করি। শুটিংয়ের সময় একবারে মিশে গিয়েছিলাম তাদের সঙ্গে। তাদের নিয়ে নাটক হচ্ছে দেখে টুকরি শ্রমিকরাও দারুণ সহায়তা করেন। টানা দুইদিন টুকরি মাথায় নিয়ে ঘুরেছি। অন্যদের সবজি পৌঁছে দিয়েছি। শুটিং হচ্ছে এটা অনেকে বুঝতেই পারেননি।' 

তানভীর মিনতিদের জামা নিয়ে নিজে পরেছেন বলেও জানান তানভীর। তিনি বলেন, কাজটি করতে গিয়ে কারওয়ান বাজারকে বেশ ভালোভাবেই দেখা হয়েছে। সেই সঙ্গে খুব কাছ থেকে দেখা হয়েছে টুকরি শ্রমিকদের দুঃখ দুর্দশা। 

নাটকটি নিয়ে প্রত্যাশার কথা জানালেন নির্মাতা স্ম্যাক আজাদ। সেভেনটিউনসের ব্যানারে নির্মিত নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার হবে বলে জানান নির্মাতা। নাকটির দ্বিতীয় পর্ব করার ইচ্ছা রয়েছে বলেও জানালেন তিনি। 

আরও পড়ুন

×