ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

শ্রোতাদের কথা ভেবেই গানে ফেরা: হাসান

শ্রোতাদের কথা ভেবেই গানে ফেরা: হাসান
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০০:৪২ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ | ০০:৪৮

হাসান। তারকা কণ্ঠশিল্পী। আজ তার ব্যান্ড আর্কের সঙ্গে পারফর্ম করবেন চ্যানেল আইয়ের 'আমার যত গান' অনুষ্ঠানে। বিকেল ৩টা থেকে শুরু হতে যাওয়া সরাসরি এ গানের আয়োজন ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে-

'আমার যত গান' অনুষ্ঠানে আজ কোন গানগুলো গাইবেন?

আগে থেকে কোনো গান বাছাই করিনি। আর্কের পাশাপাশি আমার একক এবং বিভিন্ন মিক্সড অ্যালবামের কিছু জনপ্রিয় গান আছে, যেগুলো সবসময় গাইতে হয়। 'সুইটি', 'যারে যারে উড়ে যা', 'শীত নয় গ্রীষ্ফ্ম নয় এসেছে বসন্ত', 'একাকী', 'প্রেম তুমি', 'এত কষ্ট কেন ভালোবাসায়', 'প্রশ্ন'সহ আরও যেসব গান আছে, তার মধ্য থেকে কিছু গান গাওয়ার ইচ্ছা আছে। আর যেহেতু এটা সরসরি গানের আয়োজন, তাই শ্রোতার ভালো লাগাকে প্রাধান্য দেব।

অনেকদিন আর্ক নতুন কোনো আয়োজন করেনি, এর কারণ কী?

লাইনআপ পরিবর্তন ছাড়াও আরও বেশ কিছু কারণে আর্কের নতুন আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি। যেজন্য লম্বা একটি বিরতি পড়ে গেছে। তার পরও দল গুছিয়ে নিয়ে আমরা বিভিন্ন স্টেজ শোতে অংশ নিয়েছি। আর এখন চাইছি, বিরতি ভেঙে নতুন করে সক্রিয় হয়ে ওঠার।

গানের বিরতি নেওয়ার পর কি শ্রোতাদের কথা মনে পড়েনি?

মনে না পড়ার কোনো কারণ নেই। গান গেয়ে লাখো শ্রোতার ভালোবাসা পেয়েছি- সেই ভালোবাসার কথা কি ভুলে থাকা যায়! অনেকে জানতে চেয়েছেন, কেন গাইছি না। সঠিক কোনো উত্তর দিতে পারিনি। এক সময় মনে হলো, যারা আমার গান এবং আমাকে এত ভালোবাসে, তাদের জন্য হলেও বিরতি ভাঙা উচিত। সেই ভাবনা থেকেই নতুন করে আর্ককে গোছানো শুরু করি। এখন আর্ক পরিপূর্ণ একটি লাইনআপ নিয়ে শ্রোতার কাছে ফিরে এসেছে। সবকিছুর পর সত্য এটাই-শ্রোতার কথা ভেবেই গানে ফিরে আসা।

আর্কের নতুন গান কবে নাগাদ প্রকাশ পাবে?

এটা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। কাজ করছি, যখনই নতুন গান তৈরি হয়ে যাবে, তখনই তার খবর সবাইকে জানিয়ে দেব। সময় বদলেছে, একই সঙ্গে বদলেছে শ্রোতার রুচি। তাই সময়োপযোগী কিছু গান তৈরি করার পরিকল্পনা আছে। আর্কের সবাই নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছি। হয়তো ডিসেম্বরে শ্রোতাদের নতুন কোনো গান উপহার দিতে পারব।

আরও পড়ুন

×