শ্রোতার ভালোবাসা আমাকে গানে ফিরিয়ে এনেছে : হাসান
হাসান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২১ | ১২:০০ | আপডেট: ২২ এপ্রিল ২০২১ | ০১:৩২
হাসান। তারকা কণ্ঠশিল্পী। দীর্ঘদিনের বিরতি ভেঙে তিনি ফিরেছেন গানের ভুবনে। ব্যান্ড আর্কের পাশাপাশি ব্যস্ত সময় কাটছে তার নতুন গানের আয়োজন নিয়ে। সংগীতায়োজন নিয়ে এখনকার ভাবনা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
গানের ভুবনে ফিরেছেন বেশ কিছুদিন আগে। এরপর নতুন কোনো গান রেকর্ড করেছেন?
গানের কথা-সুর নিয়ে কাটাছেঁড়া চলছে, তবে প্রকাশ করার জন্য এখনও কোনো গান রেকর্ড করা হয়নি। কাজ শেষ হলে তারপর গান প্রকাশ নিয়ে ভাবব।
শুনেছি একটি অডিও-ভিডিও প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে গান প্রকাশ নিয়ে আলোচনা হয়েছে?
আলোচনা তো হয়ই, কিন্তু গান যদি তৈরি না থাকে, তাহলে প্রকাশ করব কীভাবে। আগে গানের বিষয়ে সবকিছু চূড়ান্ত হোক, তারপর ব্যানার নিয়ে ভাবা যাবে।
জনপ্রিয়তার শীর্ষে থাকার পরও হঠাৎ করেই গানের ভুবন থেকে দূরে সরে গিয়েছিলেন কেন?
পাইরেসি, অ্যালবাম প্রকাশনার মাধ্যম বদলে যাওয়া, রয়্যালিটি নিয়ে ঝামেলা, ব্যান্ড লাইনআপে বারবার পরিবর্তন- এমন আরও কিছু কারণ ছিল, যার জন্য গানে নিয়মিত সময় দিতে পারছিলাম না। আর সেই সময়ে ইন্ডাস্ট্রিতেও এক ধরনের পালাবদল চলছিল। নতুনদের অনেকে গানের ভুবনে নিজেদের জায়গা করে নিয়েছে, আবার অনেকের ব্যস্ততাও কমে গেছে। সময় এভাবেই বদলে যায়, তাই গানের ভুবনের অনুপস্থিতি স্বাভাবিক বলেই মেনে নিয়েছি।
পুরোনো দিনের কথা কী কখনও মনে পড়ে না?
মনে পড়বে না কেন, ক্যারিয়ারের সুবর্ণ সময়ের কথা তো ভুলে থাকা সম্ভব নয়। ব্যান্ড নিয়ে দেশ-বিদেশ ছুটে যাওয়া, রাতদিন একাকার করে গান সৃষ্টিতে ডুবে থাকা, লাখো দর্শক-শ্রোতার ভালোবাসায় সিক্ত হওয়া- এসব নিয়েই তো শিল্পী জীবনের অধ্যায়। যার সূচনা নব্বই দশকে। সে সময় দেশীয় ব্যান্ডগুলোর যে জয়জয়কার চলছিল- তা ইতিহাস হয়ে থাকবে বলেই মনে করি।
বিরতি নেওয়ার সময় কি ভেবেছিলেন আপনার কাছে শ্রোতার কোনো প্রত্যাশা আছে কিনা?
শ্রোতা সবসময় আমার কাছে নতুন কিছু চেয়েছে। কিন্তু তা জেনেও কিছু করা সম্ভব হয়নি। কিন্তু একটা পর্যায়ে এসে মনে হয়েছে, ভালোবাসার দাবি পূরণের জন্য হলেও কিছু করা উচিত। তাই গানের ভুবনে ফিরতে একটা ভালো সময়ের অপেক্ষায় ছিলাম। আর সেই অপেক্ষার ফাঁকে ফাঁকে ব্যান্ড লাইনআপ গুছিয়ে নেওয়ার চেষ্টা করে গেছি। একটু সময় লেগেছে আর্কে যে মানের মিউজিক তৈরি করে, সেই মানের মিউজিক তৈরি করার মতো সদস্য খুঁজে নিতে। অবশেষে আর্কের নতুন লাইনআপ দাঁড় করিয়ে বিরতি ভাঙা সম্ভব হয়েছে। এ সবই সম্ভব হয়েছে শ্রোতাদের জন্য। এক কথায়, শ্রোতার ভালোবাসা ফিরিয়ে এনেছে গানের ভুবনে।
স্টেজ শো নেই, টিভি আয়োজনেও চোখে পড়েনি- সময় কাটছে কীভাবে?
করোনার এই দুঃসময়ে ঘরেই বন্দি থাকতে হচ্ছে। শুধু আমি নই, আমার সঙ্গে যেসব মিউজিশিয়ান কাজ করেন, তাদের সবারই একই অবস্থা। কেউ কেউ ঘরে বসে গান লিখছেন, সুর বা কম্পোজিশনের চেষ্টা করে যাচ্ছেন। আমি কিছু করার চেষ্টা করছি, কিন্তু সেভাবে সৃষ্টির আনন্দ খুঁজে পাচ্ছি না। এই বৈরী সময়ে মন যখন ভালো নেই, কাজে আনন্দ খুঁজে পাওয়াও কঠিন। আমাদের অনেকের ক্ষেত্রেই এটা চোখে পড়ছে।
- বিষয় :
- হাসান
- আর্ক
- ব্যান্ড তারকা