বেকার হয়ে পড়েছেন 'দঙ্গল' অভিনেত্রী ফাতিমা
ফাতিমা সানা শেখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২১ | ০৫:১০ | আপডেট: ০২ জুন ২০২১ | ০৫:১৫
বলিউডের নায়িকা মানেই চোখধাঁধানো সুন্দরী হিসেবে পরিচিতি। আর সেই নায়িকা যদি হয় আমির,শাহরুখ কিংবা সালমনের মতো খানদের ছবির নায়িকা তাহলে তো কথাই নেই। খ্যাতির স্পটলাইটের তলায় থাকার পাশাপাশি সেই নায়িকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরে উঠে টাকায়। কিন্তু ব্যতিক্রম কথা শোনালেন আমির খানের হাত ধরে বলিউডে পা রাখা ফাতিমা সানা শেখ।
লকডাউনের জেরে বর্তমানে কোনও রোজগার নেই তার।যাকে বলে পুরোপুরি বেকার। একটি ভিডিওতে এমন কথাই জানান 'দঙ্গল' ছবি খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখ। খবর হিন্দুস্তান টাইমসের।
সম্প্রতি নেটমাধ্যমে প্রকাশ্যে এসেছে ফতিমা সানা শেখের একটি ভিডিও। আর প্রকাশ পাওয়ার পরেই তা মুহূর্তে হয়েছে ভাইরাল। কী এমন রয়েছে সেই ভিডিওতে? ওই ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের রাস্তায় ক্যাজুয়াল পোশাক ও মুখে মাস্ক পরে হেঁটে আসছেন এই 'দঙ্গল গার্ল'। রাস্তার মাঝে এক পাপারাৎজির করা প্রশ্নের উত্তরে কোনও রাখঢাক না রেখে ফতিমার জবাব,' এইমুহূর্তে আমার হাতে কোনও কাজ নেই।ফলে রোজগারও নেই। যাকে বলে পুরোপুরি বেকার বসে রয়েছি। তবে করোনার প্রকোপ যখন কমবে আর কাজ শুরু হবে তখন বাকিদের মতো আমিও কাজ পাবো!'
চলতি বছরের শুরুর দিকে রাজস্থানে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্তছিলেন ফতিমা। শ্যুটিং ফ্লোরে তার সঙ্গে ছিলেন অনিল কাপুরও। শ্যুটিং চলার মাঝেই করোনায় আক্রান্ত হন ফতিমা।
উল্লেখ্য, গত বছর নেটফ্লিক্সে 'লুডো' এবং 'সূরজ পে মঙ্গল ভারি' এই দুটি ছবিতে দেখা গেছিল তাকে। এছাড়াও নেটফ্লিক্সের আরেকটি ছবির সিরিজে অভিনেতা জয়দীপ আহলাওয়াতের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে ফাতিমাকে দেখা গেছে।
- বিষয় :
- ফাতিমা সানা শেখ
- বলিউড
- দঙ্গল অভিনেত্রী
- বেকার