ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে, ঘোষণা শি জিনপিংয়ের

২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে, ঘোষণা শি জিনপিংয়ের
×

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৭

২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে। আগামী বছরের জন্য জোটটির সভাপতিত্ব করবে দেশটি। শনিবার নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘোষণা দেন।

শি জিনপিংয়ের বক্তব্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের আগামী বছরের ব্রিকস সভাপতিত্বের জন্য তাকে শুভেচ্ছা জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচারিত সম্মেলনের ভিডিওতেও এ সময়ের দৃশ্য দেখা গেছে।

চীনের দূতাবাস এবং দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শি জিনপিংয়ের ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ২০২৭ সালের সম্মেলন চীনের কোন শহরে এবং কোন তারিখে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

ভারত এবারের ব্রিকস সম্মেলনের আয়োজক দেশ। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুই দিনের এ সম্মেলনে ব্রিকসের ১১ সদস্যদেশের নেতাদের পাশাপাশি ১০টি অংশীদার দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে যোগ দিয়েছেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকসকে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠা একটি বৈশ্বিক জোট হিসেবে উল্লেখ করেন। আগামী ২০ বছরের জন্য জোটটির ‘নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচি’ নেওয়ার আহ্বান জানান তিনি।

ভারতের সভাপতিত্বে এবারের ব্রিকস সম্মেলনের আলোচনায় গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খাদ্য, জ্বালানি ও সরবরাহব্যবস্থার নিরাপত্তা জোরদারে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছে ভারত।

ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে যে চাপ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় এসব উদ্যোগ সহায়ক হবে বলে মনে করছে ভারত।

সূত্র: ডেকান হেরাল্ড

আরও পড়ুন

×