ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বাড়ছে পদ্মার পানি, ঢুকছে তীরবর্তী ঘরবাড়িতে

বাড়ছে পদ্মার পানি, ঢুকছে তীরবর্তী ঘরবাড়িতে
×

পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদ্মার বিভিন্ন চরাঞ্চলে পানি ঢুকে পড়েছে। আজ শনিবার চর খিদিরপুর এলাকা থেকে তোলা ছবি: শরিফল ইসলাম তোতা

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৬

রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে পদ্মা পানি। আজ শনিবার বিকেল ৩টায় পানির উচ্চতা ছিলো ১৭ দশমিক ৩২ মিটার। আগের দিন শুক্রবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিলো ছিল ১৭ দশমিক ২০ মিটার। রাজশাহীতে পানির বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। অর্থাৎ, বিপৎসীমার শূন্য দশমিক ৭৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদ্মার বিভিন্ন চরাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এরই মধ্যে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। কোথাও কোথাও দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

সরেজমিন নগরীর পঞ্চবটি এলাকায় দেখা যায়, নদীতীরের বেশ কিছু বাড়িতে পানি উঠেছে। ফাতেমা নামের এক নারীকে দেখা গেলো ঘরের জিনিসপত্র নিয়ে রাস্তায় অপেক্ষা করতে। জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরে পানি ঢুকেছে। সঙ্গে একটা সাপও দেখলাম। তাই, জিনিসপত্র নিয়ে সড়কে আসলাম। এক আত্মীয়ের বাসায় আপাতত উঠবো।’

স্থানীয় বাসিন্দা রনি বলেন, শহররক্ষা বাঁধের নিচে করা বেশকিছু বাড়িতে পানি উঠেছে। এসব বাড়িঘরে বন্যা হলেই পানি উঠে। তখন মানুষ ঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। পানি নেমে গেলে আবারও ফিরে আসে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢলে গত ১০ দিন ধরে পদ্মায় পানি বাড়ছে। তবে এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। শহর রক্ষা বাঁধ নিয়ে এই মুহূর্তে কোনো ঝুঁকি নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান।

এদিকে, পানিবন্দি মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

পদ্মার পানি আরও বাড়লে চরাঞ্চলে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ফলে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন

×