ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কর্মীদের চাঙ্গা করতেই দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা: মান্না

কর্মীদের চাঙ্গা করতেই দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা: মান্না
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০২

মুখে দেশে ফেরার কথা বললেও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এত কিছুর পরও শেখ হাসিনা দেশে ফিরে আসবেন বলে ঘোষণা দিয়েছেন। কীভাবে ফিরবেন, তার তো ফাঁসির রায় হয়েছে। ফিরলেই তো ফাঁসি হতে পারে। শেখ হাসিনা কী অত সাহসী? তাহলে পালালেন কেন? আসলে তিনি দেশে ফেরার কথা বলে একটা ভাব তৈরির চেষ্টা করছেন, যাতে তার নেতাকর্মীরা চাঙ্গা হন। 

আজ শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস রত্মা মিলনায়তনে ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও নারীর অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। নাগরিক নারী ঐক্য এই আলোচনা সভার আয়োজন করে।   

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে মান্না আরও বলেন, ‘শেখ হাসিনা ফিরবেনই যখন, তাহলে তখন পালিয়ে গেলেন কেন? যদিও তিনি বলেছেন, তিনি পালাননি। সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে তাতে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। তখন তো সেনাবাহিনী আওয়ামী লীগের শত শত নেতাকে প্রটেকশন দিয়েছে। শেখ হাসিনাও কী তখন সেনা প্রটেকশনে থাকতে পারতেন না? এই জন্য আমার মনে হয়- তিনি কথার কথা বলেছেন। শেষ পর্যন্ত তিনি আসবেন না।’

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার প্রসঙ্গে তিনি বলেন, গুলশানের মতো জায়গায় আওয়ামী লীগ মিছিল করলো, সরকার কী করলো? আওয়ামী লীগ আইনগতভাবেই নিষিদ্ধ, তারা তো চেষ্টা করবেই মিছিল করার। এত বড় একটা দল, তারা কী চুপচাপ বসে থাকবে? এখন এই দলটাকে যদি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পারেন, একেবারেই বন্ধ করে দিতে না পারেন- তাহলে এত এত নেতাকর্মী তারা কোথায় যাবেন? তারা কী অন্য কোনো দলে যাবেন, জানি না। তবে এই যে নিষিদ্ধ হওয়া একটা দল প্রকাশ্যে মিছিল করলো, সরকার কিছুই করতে পারলো না- এটাতেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা তা বোঝা যায়!

বর্তমান সরকারের সাতমাসে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ংকর অবনতি হয়েছে বলে উল্লেখ করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, নোবেলজয়ী ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের সময় ভেঙে যাওয়া পুলিশের মনোবল ফেরাতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের উচিৎ ছিল- এই মনোবল ফিরিয়ে আনা। কিন্তু পুলিশের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদ দিয়ে অন্য মন্ত্রণালয়গুলো নিয়ে ব্যস্ত থাকেন। তাহলে এটা কীভাবে হবে? বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে। 

জ্বালানি সংকট নিয়ে লংমার্চ করার পরও এই সংকট নিরসনে সরকার চেষ্টা করছে বলে বিরোধীদলের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশের সংকট নিয়ে বিরোধীদল ভালো আন্দোলন করতে পারলে তাদের সঙ্গে থাকবো। আবার সরকারের ভালো কাজেরও সমর্থন করবো। কিন্তু সরকার ভুল করলে, সেটারও সমালোচনা করবো। এটাই আমাদের রাজনৈতিক আদর্শ ও অবস্থান।  

নারীর অধিকার রক্ষায় নারীদেরই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা ও নিজেদের শক্তিশালী অবস্থান গড়ে তোলার আহ্বান জানিয়ে মান্না বলেন, শেষ পর্যন্ত বাংলাদেশের ভাগ্য নারীদের ওপরই নির্ভর করে। কেননা, এ দেশে তারা সংখ্যায় বেশি, ভোটার সংখ্যার দিক থেকেও তারাই বেশি। নারীরা এগিয়ে আসুন, নিজেদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেন। আমরা সঙ্গে আছি। এই লড়াই কেবল নারীমুক্তির জন্য নয়, দেশ বদলের জন্যও।

নাগরিক নারী ঐক্যের সভাপতি শাহনাজ রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার সুমির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, দেলোয়ার হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক কবীর হাসান, সাকিব আনোয়ার, নাগরিক নারী ঐক্যের নেতা তাহমিদা আক্তার সুপর্ণা, সুলতানা পারভীন, নার্গিস আক্তার, রুবাইয়া তাসনিম প্রমুখ।

আরও পড়ুন

×