ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

দর্শকরা নতুন এক আসিফের দেখা পাবেন: আসিফ

দর্শকরা নতুন এক আসিফের দেখা পাবেন: আসিফ
×

আসিফ আকবর

অনিন্দ্য মামুন

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ | ০১:২৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ | ০২:৩৫

আসিফ আকবর। কণ্ঠশিল্পী ও অভিনেতা। আজ মুক্তি পাচ্ছে তার অভিনীত মিউজিক্যাল ছবি 'গহীনের গান'। এতে অভিনয় ছাড়াও তিনি সারা বছর ব্যস্ত ছিলেন নতুন গানের আয়োজন নিয়ে। প্রথম কোনো ছবিতে অভিনয়, গানের ব্যস্ততা নিয়ে কথা হয় তার সঙ্গে-

আপনার অভিনীত প্রথম ছবি 'গহীনের গান' আজ মুক্তি পাচ্ছে। ছবি নিয়ে আপনার প্রত্যাশা কী?

ছবি দেখে দর্শক বলুক, তারা নতুন কিছু দেখার সুযোগ পেয়েছে। কারণ 'গহীনের গান' অন্য যে কোনো ছবি থেকে আলাদা। গান নিয়েই মূলত এই ছবিটি তৈরি হয়েছে, যা এদেশে প্রথম। যে জন্য অন্য সব ছবির সঙ্গে 'গহীনের গান'-এর তুলনা করা যাবে না। দর্শকের কাছে যদি এ আয়োজন ভিন্ন ধরনের মনে হয়, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক।

প্রথম ছবি বলেই কি 'গহীনের গান'-এর প্রচার প্রচারণা নিয়ে উঠেপড়ে লেগেছিলেন?

প্রথম সৃষ্টি বা আয়োজন নিয়ে সবারই বাড়তি উদ্দীপনা থাকে। প্রথম অ্যালবামের মতো প্রথম ছবি নিয়েও অন্যরকম এক অনুভূতি কাজ করছে। যে জন্য গান রেকর্ডিংয়ের ফাঁকে যখনই সময় পেয়েছি 'গহীনের গান'-এর প্রচারণায় অংশ নিয়েছি। টিভি টকশো, পত্র-পত্রিকায় সাক্ষাৎকার দেওয়া থেকে শুরু করে রাস্তায় রাস্তায় পোস্টারও লাগিয়েছি। প্রচারণার জন্য আমার পক্ষে যত যা করা সম্ভব, সবই করেছি।

সাধারণ দর্শক হিসেবে 'গহীনের গান' নিয়ে কী বলবেন?

সময়ের চাহিদা পূরণের জন্য 'গহীনের গান' একটি ভিন্নধর্মী আয়োজন, যা নির্মিত হয়েছে একজন শিল্পীর [আসিফ আকবর] ৯টি গান নিয়ে। তারচেয়ে বড় বিষয় হলো- এ ছবিতে দর্শক দেখা পাবেন নতুন আসিফের। যে একাধারে কণ্ঠশিল্পী ও অভিনেতা। সাদাত হোসাইন চিত্রনাট্য ও নির্মাণে মুন্সিয়ানা দেখিয়েছেন। একই সঙ্গে সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমীন, তমা মীর্জা, আমান রেজা, কাজী আসিফ, তুলনা আল হারুনসহ যারা অভিনয় করেছেন, সবার কাজ দর্শকের মনে গেঁথে যাওয়ার মতো। শুধু আমি নই, আমার মতো অন্যান্য দর্শকও ছবি দেখার পর এ কথা স্বীকার করবেন।

মিউজিক্যাল ছবি কী, তা এখনও অনেকের কাছে অস্পষ্ট। দর্শকের কাছে এর সংজ্ঞা কীভাবে তুলে ধরবেন?

ছবি দেখার পর দর্শক কিছুটা হলেও বুঝে যাবেন কী কারণে গহীনের গানকে মিউজিক্যাল ছবি বলা হচ্ছে। আলাদা করে আমরা এর কোনো সংজ্ঞা তুলে ধরতে যাচ্ছি না। যদি পার্থক্যের কথা বলেন, তাহলে বলতে হবে, এটা ভারতীয় মেইনস্ট্র্রিমের ছবির মতো নয়। আবার এদেশে যে বাণিজ্যিক ছবি তৈরি হচ্ছে, এটা তেমন ছবিও না। এটা পারিবারিক গল্পের ছবি। দশটা-পাঁচটা অ্যাকশনও নেই। আছে নয়টা গান। যে গান ও গানের গল্পগুলো বেশিরভাগ মানুষের জীবনের সঙ্গে মিলে যাবে। দর্শকরা দেখেও আনন্দ পাবেন এবং তৃপ্তি নিয়ে হল থেকে বের হতে পারবেন। তবে ছবির গল্পের মতো গান এখানে মুখ্য হয়ে উঠেছে।

গান নিয়ে নতুন বছরের পরিকল্পনা কী?

নতুন বছর নতুন গানের প্রকাশনা দিয়েই শুরু করতে চাই। চলতি বছরের শুরুতে বলেছিলাম ১০০টি গান করব। সেটা করেছি। নতুন বছর শুরু হওয়ার আগেই বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছি। বছরের শুরু থেকে সেগুলো একে একে প্রকাশ করা শুরু করব।

আরও পড়ুন

×