মাইলসের চার দশকের কনসার্টে ভক্তদের উন্মাদনা
জমকালো কনসার্টের মাধ্যমে চল্লিশ বছরের পথচলা উদযাপনের ইতি টানল দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডদল মাইলস -সমকাল
অনিন্দ্য মামুন
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০১:১৯
পঞ্জিকায় বাংলা মাসের হিসাব অনুযায়ী চলছে পৌষ। গ্রাম থেকে নগর সবখানেই শীতের আমেজ। শীতের এই সন্ধ্যায় টুংটাং করে চলছে সাউন্ড সিস্টেম চেক। মাঝে মাঝে ড্রাম আর গিটারের রকার হয়ে ওঠা সুর। এই থামছে আবার এই চিৎকার দিয়ে উঠছে বাদ্যযন্ত্র।
মঙ্গলবার শীতের সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শীত উদযাপন বেশ ভালোই উপভোগ্য হয়ে উঠল। ব্যান্ড সঙ্গীতের ঝড়ো সুরে কোথায় যেনো পালালো শীত। চার ঘণ্টার নবরাত্রি হল হয়ে গেলো নাতিশীতষ্ণ। উপভোগ্য হয়ে উঠল মাইলসের জনপ্রিয় সব গান। ভক্তরা প্রাণভরে শুনলেন মাইলসকে।
দেশের জনপ্রিয় এ ব্যান্ড পার করছে চার দশক। গান নিয়ে ওয়ার্ল্ড ট্যুর শেষে জমকালো এ কনসার্টের মাধ্যমেই ৪০ বছরের এই পথচলা উদযাপনের ইতি টানল দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডদল মাইলস। 
কানায় কানায় ভরপুর হলরুমে প্রথমেই মাইলসের ৪০ বছর উদযাপনে গান শুরু করে ব্যান্ড দল ভাইকিং। তারা মাইলসকে উৎসর্গ করে গেয়ে শোনান 'শান্তি চাই' গানটি। প্রথম গানে দর্শকদের করতালিতে মুখর পুরো হল। তারা আরও গান শুনতে চান বলে ছড়িয়ে দেন উল্লাস।

ভাইকিংসের পর অনুষ্ঠানের উপস্থাপক আজরা মাহমুদ মঞ্চে ডেকে নেন প্রখ্যাত গীতিকার লতিফুর ইসলাম শিবলীকে। তিনি মাইলসকে শুভকামনা জানিয়ে বলেন, আমি নিজেও মাইলসের ভক্ত। একটা ব্যান্ডের ৪০ বছর পার করা সোজা কথা নয়। মাইলস সেটা পেরেছে। অতীতের মতো আগামীতেও মাইলস বাংলা ব্যান্ড সঙ্গীতকে বিশ্বে ছড়িয়ে দেবে।

তারপর মঞ্চে হাজির হয় ওয়ারফেজ। মাইলসকে উৎসর্গ করে তারা গেয়ে শোনায় মাইলসের 'শেষ ঠিকানা' গানটি। এরপর মঞ্চে আসে ব্যান্ড সোলস। মাইলসের 'গুঞ্জন শুনি' গেয়ে শোনান সোলসের নাসিম আলী। সোলসের গলায় মাইলসের 'গুঞ্জন শুনি'তে মুগ্ধ হয়ে যায় দর্শক। করতালিতে মুখর তখন বসুন্ধরার রাজদর্শন হল রুম। এরপর একে একে ফিডব্যাক ও দলছুট গেয়ে শোনায় মাইলসের গান।

১৯৭৯ সালে যাত্রা করা মাইলসের সদস্য এখন পাঁচ। শাফিন আহমেদ, হামিন আহমেদ, মানাম আহমেদ, সৈয়দ জিয়াউর রহমান তূর্য ও ইকবাল আসিফ জুয়েল। তাদের মধ্যে শাফিন, হামিন, মানাম শুরু থেকেই দলের সঙ্গে আছেন। ফরিদ রসিদের হাত ধরে মাইলসের পথচলা শুরু হয়। এক কথায় বলতে তিনিই ছিলেন মাইলসের প্রতিষ্ঠাতা। অনুষ্ঠানে গানের মাঝে মাঝে কথায় ঠিক এমনটাই জানান মাইলসের ভোকাল ও গিটারিস্ট হামিন আহমেদ। নিজেদের আত্মপ্রকাশের আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গান গাইত মাইলস। তাদের সঙ্গে একরকম পেশাদার ব্যান্ড হিসেবেই চুক্তি করেছিল হোটেলটি। সপ্তাহে পাঁচদিন তারা সেখানে গান করতেন।
হামিন বলেন, সেই সময়টা আমাদের জন্য বড় একটি অর্জন। কারণ নিজেদের পরিপক্কতার জন্য, প্র্যাক্টিসের জন্য, বাজানোর জন্য একটা ভালো জায়গা ছিল। প্রথম তিন বছর ওই হোটেলে বাজিয়েছি। সেখানে বিদেশি অতিথি বেশি থাকায় দেশি গানের পাশাপাশি ইংলিশ গানও হতো। তবে কখনও আমরা কমার্শিয়াল চিন্তা করিনি।
মঞ্চে কথা বলতে বলতে যেনো ৪০ বছর আগের দিনগুলোতে চলে যান এ ব্যান্ড তারকা।
