‘নতুন বছরে সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই’
মিলটন হক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০২:২৯
'অলিগলি, মাঠে-ঘাটে উড়ছে রঙের ফানুস/ছক্কা চারে মাতোয়ারা ছুটছে হাজার মানুষ/বুঝে সবাই হবে লড়াই চলবে এবার...।' অনলাইনে ঢুঁ মারলেই এ রকম একটি গান দেখা যায় সচরাচর। বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে গানের ভিডিওটি। ঢাকা প্লাটুনের এই থিম সংয়ের দৃশ্যে সজলের পারফরম্যান্স নজর কেড়েছে অনেকের। আর এটি নিয়ে সজলেরও যেন উচ্ছ্বাসের কমতি নেই। সজল বলেন, 'এই গানের মাধ্যমে বিদায়ী বছরের শেষদিকে যেন নতুনভাবে হাজির হয়েছি। দর্শক যেন অন্য এক সজলের দেখা পেয়েছেন। ১৫ বছর পর এ ধরনের একটি মিউজিক ভিডিওতে কাজ করা হয়েছে। বিপিএলের মতো আসরে ক্রিকেট উৎসবে রাঙিয়ে সবাইকে একটু হলেও মাতোয়ারা করতে পেরেছি। এটাই বড় ভালো লাগার বিষয়।' সিনেমা আর মিউজিক ভিডিওতে পাওয়া গেলেও নাটকে এখন কম দেখা যায় সজলকে। এই তো দু'বছর আগেও শুটিং নিয়ে ক্লান্তিহীন ছুটে চলতেন তিনি। আজ উত্তরা, নয়তো কাল পূবাইল; এ রকম কাটত মাসের বেশিরভাগ সময়। এখন সে ব্যস্ততায় যেন একটু ছেদ পড়েছে। গত দুই ঈদ উৎসবে তাকে ছোট পর্দায় সেভাবে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে সজল বলেন, আগের চেয়ে কাজ কমিয়ে দিয়েছি। ছবির কাজের কয়েক মাস ব্যস্ত থাকতে হয়েছে। গত ঈদ উৎসবে তাই দর্শক আমাকে পর্দায় কম দেখেছেন। ভালো গল্পের নাটক কিংবা টেলিছবির কাজ কিন্তু একটিও ছাড়িনি।
সজলের কথা যে এক বিন্দু মিথ্যে নয়, তার প্রমাণও রয়েছে। সম্প্রতি 'জিন' ছবির কাজ শেষ করেছেন তিনি। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে এটি মুক্তি পাবে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন পূজা চেরী। ছবিতে সজলকে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে। সজল বলেন, গল্প আর চরিত্র মিলে 'জিন' ছবিটি অসাধারণ। এর মাধ্যমে ভৌতিক ছবিতে অভিষেক হবে আমার। এতে কাজ করতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। দুর্গম লোকেশনে পুরোনো বাড়িতে রাতভর শুটিং করেছি। এমন ভারি গল্পের কাজটি সহজ করে তুলতে নির্মাতা নাদের চৌধুরী বেশ সহযোগিতা করেছেন। আশা করছি, আমার অভিনীত 'রাফসান' চরিত্রটি দর্শকদের ভালো লাগবে।
এ ছাড়া সজলের হাতে রয়েছে বদিউল আলমের পরিচালনায় 'হারজিৎ' ছবিটি। তিন বছর আগে এ ছবির কাজ শুরু করেছেন তিনি। নানা কারণে এর কাজ এখনও শেষ হয়নি। তবে শিগগিরই এ ছবির কাজ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন সজল। চলচ্চিত্র, ছোট পর্দার পাশাপাশি ওয়েব মাধ্যমের কাজেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সজল। মাসুদ হাসান উজ্জ্বলের ওয়েব সিরিজ 'পাফ ড্যাডি'তে কাজ করছেন তিনি। এতে তার বিপরীতে দেখা যাবে পরীমনিকে। এটি প্রকাশ পাবে সামনেই। এ সিরিজটি নিয়ে বেশ আশাবাদী এ অভিনেতা। বিদায়ী বছর সজলের জন্য ভালোই ছিল। নতুন বছরে কী পরিকল্পনা সজলের? 'গত বছরে যে কাজগুলো করতে চেয়েছিলাম, সেটাই করেছি। অনেকটি ফিকশন করিনি। গুনে গুনে ভালো কিছু কাজ করেছি। এর মধ্যে 'আই অ্যাম সরি', 'দোস্ত দুশমন', 'মায়েরা পাখির মতো হয়', 'সীমান্তহীন পখিরা' নাটকে ভালো কিছু চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছিলাম। নতুন বছরে নাটকের চেয়ে সিনেমা নিয়েই ব্যস্ত সময় কাটাতে চাই।' শোবিজে ২০০১ সালে যাত্রা শুরু করলেও ২০০৪ সালে প্রথম নাটকে অভিনয় করেন সজল। আফজাল হোসেনের হাত ধরেই তার নাটকে পথচলা। উপহার দিয়েছেন দর্শকপ্রিয় অনেক নাটক। এর পর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। সজল বলেন, সস্তা জনপ্রিয়তা পাওয়ার ইচ্ছা আমার নেই। জনপ্রিয়তার পেছনে না ছুটে অধ্যবসায় আর পরিশ্রম করে যাওয়া উচিত। তাহলেই সাফল্য আসবে। অভিনয় ভালো করে বুঝতে চেয়েছি। সেটাই ঠিকভাবে করার চেষ্টা করছি। নিজেকে প্রস্তুত করে স্বতন্ত্র একটা অবস্থান গড়তে চাই। আমি আমার লক্ষ্যের দিকেই এগিয়ে চলেছি।
