এবার করোনায় আক্রান্ত একতা কাপুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০৪:৫১ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ০৪:৫১
ফের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলিউডে। প্রতিদিনই তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবার করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা জিতেন্দ্র কন্যা এবং পরিচালক-প্রযোজক একতা কাপুর।
সোমবার একতা নিজেই সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। এর আগে সকালে বলিউডের আরেক তারকা জন আব্রাহামের সস্ত্রীক করোনা আক্রান্তের খবর পাওয়া যায়।
একতা জানিয়েছেন, আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। যারা গত কয়েকদিনের মধ্যে তার সংস্পর্শে এসেছেন তাদেরকে কোভিড পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন একতা।
ইনস্টাগ্রাম পোস্টে একতা লিখেছেন, ‘সব রকম কোভিড বিধি নিষেধ মেনে চলার পরও আমি করোনা আক্রান্ত হলাম। যারা যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের সবার কাছে আমার অনুরোধ একবার কোভিড টেস্ট করিয়ে নেবেন। আমি ভালো আছি।’
এদিকে, একতা কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরই ইন্ডাস্ট্রিতে বন্ধুবান্ধব থেকে শুরু করে অগুনতি ভক্ত, তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এরই মধ্যে হিনা খান, মৌনী রায়, দিব্যা আগরওয়াল, আলি গোনি, হনসল মেহতা, বিক্রান্ত মাসেসহ একাধিক বলিউড তারকা একতার আরোগ্য চেয়ে পোস্ট লিখেছেন।
- বিষয় :
- করোনা সংক্রমণ
- একতা কাপুর
- বলিউড অভিনেতা
