নিজের ছবির খবর জানেন না পরিচালক!
জয়নগরের জমিদার’ ছবির একটি দৃশ্যে ফারজানা ছবি ও আরমান পারভেজ মুরাদ।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০০:৫৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ | ০১:০৬
নতুন বছরের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে ওঠেনি নতুন ছবি। তাই পুরোনো ছবি দিয়েই সচল রাখা হয়েছে দেশের সিনেমা হল। প্রথম সপ্তাহ পেরিয়ে বছররের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেলো নতু ছবি। অনেকটা প্রচার প্রচারণা ছাড়া গোপনেই আজ মুক্তি পেলো ‘জয়নগরের জমিদার’ নামে নতুন একটি ছবি। এম এম সাখাওয়াৎ হোসেন পরিচালিত এ ছবিটি দেশের কতটা হলে মুক্তি পেলো সে খবর জানাতে পারেননি পরিচালক।
শুক্রবার সমকাল অনলাইনের সঙ্গে কথা হলে পরিচালক বলেন, ‘যতটুকু জানি ঢাকার চারটি হলে মুক্তি পেলেও গ্রামে কতটি হলে মুক্তি পেয়েছে সে খবর আমি বলতে পারবো না। এটা প্রযোজক বলতে পারবে। তবে জয়নগরের জমিদার ৪০টির মতো হলে মুক্তি পাওয়ার কথা।’

এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। সঙ্গে আছেন আরমান পারভেজ মুরাদ ও আবু সাঈদ খান। আরও অভিনয় করেছন রাসেল। আবু সাঈদ খান অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন । এতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা থেকে উঠে আসা কানিজ লিয়াও অভিনয় করেছেন।
প্রযোজকের বরাতে দেশের ২২টি হলে ‘জয়নগরের জমিদার’ মুক্তির কথা জানানো হলেও প্রযোজকের পক্ষ থেকে হলের কোন তালিকা প্রকাশ করা হয়নি।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ফারাজানা ছবি জয়নগরের জমিদার নিয়ে বলেন, ‘ছবিটি মূলত নারী বিদ্রোহের গল্প। আমি এ চলচ্চিত্রে ‘বড় রানি’ চরিত্রে অভিনয় করেছি। নারীর মৌলিক অধিকার এবং নারীমুক্তির প্রয়াসে বড় রানি তথাকথিত জমিদারি প্রথার নির্যাতন ও নিপীড়নের বিরূদ্ধে সোচ্চার হয়ে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলে। এটি আমার অভিনীত প্রথম বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র। আর ২০২০ সালের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি এটি। এটি দিয়েই এ বছর যাত্রা শুরু করবে আমাদের প্রেক্ষাগৃহগুলো। এ কাজটি আমার অভিনয়জীবনের নতুন সংযোজন।’
ঐতিহাসিক গল্পের প্লট নিয়ে নির্মিত ছবিটিতে গান গেয়েছেন মমতাজ, লিজা ও সালমা।
- বিষয় :
- জয়নগরের জমিদার
- বিনোদন
- নতুন ছবি
