মেয়ে আথিয়ার প্রেমে, বাবা সুনীলের 'হ্যাঁ'
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০২:০১
সম্প্রতি অভিনেত্রী নাতাশা স্কানকোভিচের সঙ্গে বাগদান সেরেছেন ভারতের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তাদের বাগদান নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় জল্পনার তুঙ্গে, ঠিক তখন ফের আলোচনায় উঠে এসেছে ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে আথিয়া শেঠির প্রেমের বিষয়টি। কারণ, বেশ কিছুদিন ধরেই এ দুই ভিন্ন অঙ্গনের তারকার প্রেম নিয়ে নানা মুখরোচক খবর প্রকাশ হচ্ছে।
তবে এবার মেয়ে আথিয়ার সঙ্গে কে এল রাহুলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা সুনীল শেঠি। শোনা যাচ্ছে আথিয়ার সঙ্গে কে এল রাহুলের বন্ধুত্ব ক্রমেই গাঢ় হচ্ছে। তারা আরও বেশি করে একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছেন। সম্প্রতি সময় কাটাতে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন আথিয়া ও রাহুল।
এদিকে কিছুদিন আগে মেয়ের এই প্রেম নিয়ে বাবা সুনীল শেঠি বলেন, 'আমি এবং আমার স্ত্রী দু'জনই ছেলেমেয়েদের ভীষণ ভালোবাসি। আমার মনে হয় ক্যারিয়ারের থেকেও তাদের ব্যক্তিগত জীবনে সুখী হওয়াটা আরও বেশি করে দরকার।'
আর তাই সুনীলের এমন কথা থেকে অনেকেই মনে করছেন, তিনি এবং তার স্ত্রী জামাই হিসেবে কে এল রাহুলকে পছন্দ করছেন। অনেকে আবার সুনীল ও আথিয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে লেখেন, মেয়ের প্রেমে বাবা নীরব সম্মতি দিলেন।
- বিষয় :
- আথিয়া শেঠি
- সুনীল শেঠি
- বলিউড
