‘এটি সম্পূর্ণ মৌলিক গল্প ও ভিন্ন নির্মাণশৈলীর ছবি’
ফারজানা ছবি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০২:১৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ | ০২:২১
ফারজানা ছবি। অভিনেত্রী। গতকাল মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র 'জয় নগরের জমিদার'। এ ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
এ সময়ের অন্যান্য চলচ্চিত্র থেকে 'জয় নগরের জমিদার' কতটা আলাদা?
সমসাময়িক গল্প ভাবনা নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। একই ধাঁচে নির্মিত ছবির ভিড়ে এটি সম্পূর্ণ মৌলিক গল্প ও ভিন্ন নির্মাণশৈলীর ছবি। যা আমাদের ইতিহাস এবং শেকড়ের কথা বলে।
বছরের প্রথম ছবি হিসেবে ছবিটি মুক্তি পেলো, কেমন লাগছে?
প্রথম সবই তুলনাহীন। 'জয় নগরের জমিদার' আমার অভিনীত প্রথম বাণিজ্যিক ছবি। সব মিলিয়ে আমার জন্য আনন্দের এবং অসাধারণ প্রাপ্তির। একজন অভিনয় শিল্পী হিসেবে বড় পর্দায় অভিনয়ের আকাঙ্ক্ষা বরাবরই ছিল, তাই এ কাজটি আমার অভিনয় জীবনে নতুন সংযোজন।
চলচ্চিত্রের দৃশ্যধারণ হয়েছে কোথায়?
যেহেতু এই ছবিটি একটি পিরিয়ডিক্যাল। তাই সুনির্দিষ্ট সময়কাল বিবেচনা করে এর চিত্রায়ণ হয়েছে পুরোনো জমিদারবাড়িতে। পাশাপাশি কয়েকটি দৃশ্যের চিত্রায়ণ সেট নির্মাণ করে করতে হয়েছে।
চলচ্চিত্রে নিয়মিত হওয়ার পরিকল্পনা করছেন?
চলচ্চিত্র অনেক বড় মাধ্যম। এ মাধ্যমে নিয়মিত অভিনয় করতে চাই। এর আগে টেলিভিশন দর্শকরা নাটক ও টেলিছবিতে আমাকে যেমন বৈচিত্র্যময় চরিত্রে দেখেছেন, চলচ্চিত্রেও সেই চেষ্টাই অব্যাহত থাকবে। অভিনয় আমার প্রাণের স্পন্দন। আমার কাছে কাজটাই মুখ্য। তাই সব মাধ্যমেই কাজ করে অভিনয়ের মাঝে বেঁচে থাকতে চাই।
শুনলাম, আপনার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'মালা ভাবী' রাজস্থান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। ছবিটির বিষয়বস্তু কী নিয়ে?
পাপ-পুণ্য ও কর্মফলের সঙ্গে প্রকৃতির অতিপ্রাকৃত সংযোগের মূল বিষয়বস্তু নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এটিও আমার ভীষণ পছন্দের একটি কাজ। মিজানুর রহমান লাবুর চিত্রনাট্য ও পরিচালনায় এটি রাজস্থানের দর্শকদের মন কাড়বে বলে আশাবাদী।
বর্তমানে আর কী নিয়ে ব্যস্ত?
কায়সার আহমেদের 'বকুলপুর', সৌম্য নজরুলের 'মেছো তোতা গেছো ভূত', 'আরশীনগর', অরণ্য আনোয়ারের 'চান্দের বুড়ী নোয়াখালী'। এ ছাড়া বিশেষ দিবসের জন্য বেশ কয়েকটি খণ্ডনাটকের কাজ করছি।
- বিষয় :
- ফারজানা ছবি
- বিনোদন
