ঝুলন গোস্বামী হবেন আনুশকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০৫:২৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ | ০৮:২৫
ভারতীয় চলচ্চিত্রে যেন জীবনীনির্ভর সিনেমা তৈরির হিড়িক লেগেছে। মিতালি রাজের পর এবার আরও এক নারী ক্রিকেটারের জীবনী বড় পর্দায় আসছে। এতে উঠে আসবে ঝুলন গোস্বামীর জীবন। ছবির নাম ‘চাকদহ এক্সপ্রেস’।
ছবিতে মূখ্য চরিত্রে দেখা যাবে 'ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি' আনুশকা শর্মাকে। এ নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। ইডেন গার্ডেনসে শনিবার শুরু হবে শুটিং। শোনা যাচ্ছে, সেখানে উপস্থিত থাকতে পারেন ঝুলন গোস্বামী নিজে। ডিএনএর প্রতিবেদন এমন কথাই বলছে।
তার আগে ২০১৭ সালে ঝুলনের বায়োপিক তৈরির ঘোষণা আসে। তখন ঝুলন জানিয়েছিলেন, 'সিনেমার অফার অনেকদিন থেকেই আসছে। কিন্তু আমি চাইছিলাম আগে কিছু একটা করি, যা অন্যদের অনুপ্রাণিত করবে। তাছাড়া আগের অফার সবই ছিল বাংলা ছবির। আমি চেয়েছিলাম গোটা দেশ জানুক।'
ঝুলনের চরিত্রে আনুশকার আগে নাম আসে দীপিকা পাডুকোন ও বিপাশা বসুর। কিন্তু শেষ পর্যন্ত আনুশকাকে বেছে নেন পরিচালক। অবশ্য ছবির পরিচালকও এরইমধ্যে পরিবর্তন হয়ে গেছে।
আগে কথা ছিল সুশান্ত দাস ছবিটি পরিচালনা করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, তিনি ছবির সঙ্গে যুক্ত নন। তবে সুশান্ত দাস জানিয়েছিলেন, চাকদহ থেকে লর্ডস, ঝুলনের বেড়ে ওঠার বিভিন্ন লড়াই-সংগ্রামের গল্প থাকবে সিনেমায়। পরিবারের অমতে কীভাবে ভোর চারটার ট্রেনের যাত্রী হয়ে উঠেছিলেন ঝুলন, থাকবে সেই কথা।
- বিষয় :
- আনুশকা শর্মা
- ঝুলন গোস্বামী
- বলিউড
- আনুশকা
