এই বিশ্বকাপে খেলা তরুণের রহস্যজনক মৃত্যু
দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলা ফুটবলার জাইডেন অ্যাডামস। ছবি: দ্য গার্ডিয়ান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২০:৪৭ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ২১:২০
দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলা ২৫ বছর বয়সী ফুটবলার জাইডেন অ্যাডামস মারা গেছেন। দক্ষিণ আফ্রিকা ক্রীড়া মন্ত্রী গায়তন ম্যাকেঞ্জি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। খবর: দ্য গার্ডিয়ান
দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রী ম্যাকেঞ্জি বলেছেন, জাতীয় দলের মিডফিল্ডার জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবরটি জানতে পারলাম। ২৫ বছর বয়সেই বাফানা বাফানা এবং মামেলোদি সানডাউনস এর মিডফিল্ডারের চলে যাওয়ার খবরে আমার হৃদয় গভীর শোকে ভারাক্রান্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকান ফুটবল অন্যতম উজ্জ্বল এক তরুণ প্রতিভাকে হারিয়েছে। তার পরিবার, সতীর্থ এবং দলের লাখো সমর্থকের সঙ্গে জাতি হিসেবে আমরাও আজ শোকাচ্ছন্ন। একাডেমি থেকে তিনি এক সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন। ‘বাফানা বাফানা’র গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন।
পুলিশ জানিয়েছে, কেপ টাউনের স্কটসচে ক্লোফে নিজ বাড়িতে ফুটবলারের মরদেহ পাওয়া গেছে। মৃত্যুর কারণ জানতে তারা তদন্ত শুরু করেছে। সংবাদ মাধ্যম এএফপিকে পুলিশের মুখপাত্র ফন উইক বলেছেন, মৃত্যুর কারণ বুঝতে ঘটনার সঙ্গে সম্পৃক্ত পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখছেন তারা।
১৬ বছর পর বিশ্বকাপে ফিরে দক্ষিণ আফ্রিকা প্রথমবার নকআউট পর্বে খেলার গৌরব অর্জন করে। ওই যাত্রায় অ্যাডামস গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তরুণ এই মিডফিল্ডার তিন ম্যাচে মাঠে নেমেছিলেন। এর মধ্যে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে পরাজয় ও চেকিয়াদের বিপক্ষে ১-১ গোলে সমতার ম্যাচে শুরুর একাদশে ছিলেন। পরে তাকে বদলি করে তুলে নেওয়া হয়। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে বদলি হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬