বিশ্বকাপ ফাইনাল
মেসিদের সমর্থন জানিয়ে নেতানিয়াহু বললেন, ‘ভামোস আর্জেন্টিনা’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৩:২৩ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৩:২৩
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনাকে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি জানান, ইসরায়েলের বেশির ভাগ মানুষই ফাইনালে আর্জেন্টিনার পক্ষে থাকবেন বলে তার বিশ্বাস।
ফাইনালের মহারণে বাংলাদেশ সময় সোমবার রাত একটায় স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগের দিন ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠক করে দেশটির প্রতি সমর্থনের কথা জানান নেতানিয়াহু।
বৈঠকে আর্জেন্টাইন রাষ্ট্রদূত ওয়াহনিশ দেশটির জাতীয় দলের একটি জার্সি নেতানিয়াহুকে উপহার দেন। একই সঙ্গে শোনান আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেইর পাঠানো একটি অডিও বার্তা। সেখানে মিলেই বলেন, ‘আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেন। আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনি আমার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করছেন।’
জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, তুমি একজন বন্ধু। সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি। আমরা নানা ক্ষেত্রে আর্জেন্টিনাকে সমর্থন করছি, আগামীকালও করব। শুভকামনা।’
এখানেই শেষ নয়। রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের বিষয়টি আরও স্পষ্ট করেন। তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। আমি এটা লুকাই না। আমার মনে হয়, ইসরায়েলের বেশির ভাগ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা! ভামোস আর্জেন্টিনা।’
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় এবং নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে স্পেন।