এশিয়ান কাপে উজবেকে হারে শুরু যুবাদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৭
তাসখন্দের ডসটিলিক স্টেডিয়ামে হাতেগোনা কিছু প্রবাসী বাংলাদেশি ছিলেন। তাদের একজনের হাতে লাল-সবুজের পতাকা। যখনই বাংলাদেশের ফুটবলারের পায়ে বল গেছে কিংবা গোলরক্ষক কোনো সেভ করেছেন গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উল্লাস শোনা গেছে। কিন্তু ম্যাচে জয় বা ড্র করার জন্য যেমন পারফরম্যান্স প্রয়োজন ছিল, তা দেখাতে পারেননি জেরার্ড জোন্সের শিষ্যরা। ছন্দহীন ফুটবলে তাই বাংলাদেশ শুরুতেই হোঁচট খায়।
গতকাল সোমবার এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ দল। গ্রুপ ‘বি’তে ৩ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে যুবারা। এই সিরিয়াকে গতকাল ১-০ গোলে হারিয়েছে ভারত।
কাগজে-কলমে উজবেকিস্তান বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। সবুজ গালিচাতেও ফুটে ওঠে দুই দলের শক্তির ব্যবধান। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের ফুটবলারদের খুঁজেই পাওয়া যায়নি। প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে বল নেওয়ার জন্য ছোটাছুটি করতে দেখা গেছে মাসুদ রানা-রিয়াদ ফাহিমদের। ম্যাচের শুরু থেকেই উজবেকিস্তান আক্রমণাত্মক ফুটবল খেলে। ২০ মিনিটে লিড নেয় তারা। বক্সের ভেতরে উজবেকিস্তানের নাম্বার টেইন আসিলবেক আব্দুররাসোলোভের শট বাংলাদেশের এক খেলোয়াড় প্রতিহত করেন। তবে বল চলে যায় উজেবিকস্তানের কুভানিশবেকের পায়ে। তাঁর নেওয়া শট বাংলাদেশের রাইসুল ইসলাম রাহিদের গায়ে লেগে চলে যায় জালে। গোলরক্ষক রাজ চৌধুরীর কিছুই করার ছিল না। গোল হজমের পর দ্রুতই একাদশে দুটি পরিবর্তন আনেন কোচ জেরার্ড জোন্স। কামাল মৃধার জায়গায় ঈশান মালিক এবং রাহিদের জায়গায় অ্যাডাম আব্বাসকে নামান।
এর পরও বাংলাদেশের খেলায় ধার খুঁজে পাওয়া যায়নি। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতে ব্যর্থ হন ফুটবলাররা। বল রিসিভে বাংলাদেশের দুর্বলতা ফুটে ওঠে। বাংলাদেশের এলোমেলো রক্ষণের সুযোগ বারবার নিতে দেখা যায় উজবেকিস্তানকে। ম্যাচের ৪০ মিনিটে বাংলাদেশকে দ্বিতীয় গোল হজম থেকে বাঁচান গোলরক্ষক। সতীর্থের ডিফেন্স চেরা পাস বক্সের মধ্যে খুঁজে নেয় উজবেকিস্তানের আসিলবেককে। তাঁর নেওয়া ডান পায়ের শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক।
বিরতির পর খেলা শুরু হতেই দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। বক্সের বাইরে থেকে সতীর্থের ক্রসে লাফিয়ে উঠে হেডের মাধ্যমে বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করেন উজবেকিস্তানের আবরেভ কুভুনচবেক। ৪৮ মিনিটে আসিলবেকের শট পোস্টের ওপর দিয়ে গেলে এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।
বদলি হিসেবে মাঠে নামা অ্যাডাম আব্বাস পারেননি নিজের প্রত্যাশা পূরণ করতে। রাউট উইংয়ে খেলা যুক্তরাষ্ট্র প্রবাসী এ ফুটবলার লাল-সবুজের জার্সিতে নিজের অভিষেক ম্যাচে ছিলেন নিষ্প্রভ। গোল করার মতো কোনো আক্রমণ তৈরি করতে পারেননি। অবশ্য সতীর্থদের কাছ থেকে বলের জোগানও পাননি এ উইঙ্গার। গোলপোস্টে কোনো শটই নিতে পারেননি অ্যাডাম আব্বাস। শুধু তিনিই নন, পুরো ম্যাচে উজবেকিস্তানের পোস্টে একটি শটও নিতে পারেননি বাংলাদেশের কোনো ফুটবলার।