ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এশিয়াডে পদকের আশা নেই বাটলারের

এশিয়াডে পদকের আশা নেই বাটলারের
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৭ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০০

যে মিয়ানমারকে হারিয়ে মেয়েদের এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ, সেই দলটি আছে গ্রুপ পর্বে। যাদের বিপক্ষে জয়ের সম্ভাবনা রয়েছে ঋতুপর্ণা চাকমা-মারিয়া মান্দাদের। বাকি দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে পাল্লা দেওয়াটা কঠিন। কাগজে-কলমের হিসাব যেন বাস্তবে তুলে ধরেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। 

গ্রুপ পর্বের প্রতিপক্ষ এবং নিজেদের অবস্থান বুঝে বাটলার সরাসরিই বলে দিয়েছেন এশিয়ান গেমসে পদকের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের। বরং এই মঞ্চ থেকে শেখার অনেক কিছু আছে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানান বাটলার, ‘উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনও পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি। এই টুর্নামেন্টে আমাদের শেখার অনেক কিছুই আছে।’

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমস ফুটবলে গ্রুপ ‘এফ’-এ ১৪ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে খেলবে লাল-সবুজের দলটি। 

এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য সোমবার রাতে চীনে গিয়েছে বাংলাদেশ দল। সেখানে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে বাংলাদেশের মূল ফোকাস হলো মিয়ানমারের বিপক্ষে ম্যাচ। বাটলার অন্য দুটি ম্যাচের মতো মিয়ানমারকেও কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন, ‘বিষয়টির সঙ্গে পুরোপুরি একমত নই। মিয়ানমার অবশ্যই ভালো দল। তবে আমরা বাকি দুই ম্যাচেও লড়ব। সেখান থেকেও শেখার এবং উন্নতি করার সুযোগ আছে।’ 

আরও পড়ুন

×