ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বার্সার জয়ের রাতে ইয়ামালের নতুন কীর্তি

বার্সার জয়ের রাতে ইয়ামালের নতুন কীর্তি
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৪৬

লা লিগার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের মতোই টানা তিন জয়ে যাত্রা শুরু করেছে বার্সেলোনা। রায়ো ভায়েকানোকে ৫-২ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। এতে প্রতিদ্বন্দ্বী রিয়ালকে টপকে উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষেও। আর দলের দাপুটে জয়ের রাতে নতুন রেকর্ড গড়েছেন লামিন ইয়ামাল।

ক্যাম্প ন্যুতে অবশ্য শুরুটা ভালো হয়নি বার্সার। ম্যাচের ১২ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে হান্সি ফ্লিকের দল। তবে সাত মিনিট পরই রাফিনিয়ার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে বার্সাকে এগিয়ে দেন ইয়ামাল। মার্ক বার্নালের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত গতির শটে রায়ো ভায়েকানোর জালে বল পাঠান স্প্যানিশ এই তরুণ।

এই গোলের মধ্য দিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন ইয়ামাল। মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে এই কীর্তি গড়েন তিনি।

রেকর্ড গড়ার পথে ইয়ামাল পেছনে ফেলেছেন বর্তমান সময়ের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডকে। বার্সেলোনার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টও ইয়ামালের এই কীর্তি তুলে ধরে জানিয়েছে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ৫০ গোল করতে তার চেয়ে কম বয়সী আর কেউ নেই।

ইয়ামালের গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও গোলের ধারা ধরে রাখে তারা। শেষ পর্যন্ত রায়ো ভায়েকানোর বিপক্ষে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে লা লিগায় টানা তিন ম্যাচে তিন জয় পেল বার্সা। সমান ম্যাচে সমান জয় পাওয়া রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে গোল ব্যবধানে শীর্ষস্থানও দখল করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

×