অস্ত্রোপচারের আগে যে প্রস্তুতি জানা জরুরি
ডা. মো. আব্দুল হাফিজ শাফী
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৭:৩৯
| প্রিন্ট সংস্করণ
যে কোনো অস্ত্রোপচারের আগে রোগীর মনে স্বাভাবিকভাবেই ভয় কাজ করে। একই সঙ্গে রোগীর স্বজনরাও উদ্বেগে থাকেন। কারণ সার্জারি মানেই কাটাছেঁড়া, অজ্ঞান হওয়া এবং জ্ঞান ফেরার বিষয়ে নানা দুশ্চিন্তা। অনেক ক্ষেত্রে রোগ নিরাময়ের জন্য অস্ত্রোপচারই একমাত্র চিকিৎসা পদ্ধতি হয়ে দাঁড়ায়। তাই অস্ত্রোপচারের আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও বিষয় সম্পর্কে জানা প্রয়োজন।
সাধারণত যে কোনো অস্ত্রোপচারের সময় রোগীকে অ্যানেসথেসিয়ার মাধ্যমে সম্পূর্ণ অজ্ঞান করা হয় অথবা শরীরের কোনো অংশ অবশ করা হয়। এই অ্যানেসথেসিয়া গ্রহণের জন্য রোগী শারীরিকভাবে উপযুক্ত কিনা এবং অস্ত্রোপচারের পর কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা আছে কিনা তা নির্ধারণের জন্য কিছু পরীক্ষা করা হয়।
এই পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে– রক্তের সিবিসি, সিবিএস, আরবিএস, ক্রিয়েটিনিন, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, ব্লাড গ্রুপিং, ইসিজি, বুকের এক্স-রে এবং ইউরিন পরীক্ষা। এসব পরীক্ষার মাধ্যমে রোগীর শরীরে সংক্রমণ আছে কিনা, রক্তের পরিমাণ যথেষ্ট কিনা এবং কিডনি ও হৃদযন্ত্র সঠিকভাবে কাজ করছে কিনা তা জানা যায়।
অনেক সময় অস্ত্রোপচারের সময় রক্তের প্রয়োজন হতে পারে; তাই আগে থেকেই রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়। বয়স্ক রোগী অথবা যাদের আগে থেকেই হৃদরোগ রয়েছে তাদের ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাম করার প্রয়োজন হতে পারে।
যদি কোনো রোগীর ডায়াবেটিস থাকে, তবে তাঁর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি। কারণ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ক্ষত শুকাতে বেশি সময় লাগে এবং সংক্রমণের ঝুঁকিও বেশি থাকে।
অস্ত্রোপচারের আগে রোগীকে নির্দিষ্ট সময় পর্যন্ত না খেয়ে থাকতে বলা হয়। সাধারণত অপারেশনের অন্তত ৬ ঘণ্টা আগে থেকে রোগীকে খাবার ও পানি গ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়।
লেখক: নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
- বিষয় :
- অস্ত্রোপচার
