ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২২:৫৭
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী। রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ১২ জুলাই এক দিনে সর্বোচ্চ ৩৫০ জন হাসপাতালে ভর্তি হন।
স্ব্যাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত ১০ হাজার ৪৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জুলাইয়ের ১৯ দিনে চার হাজার ৩৮১ জন। আগের মাস জুনে দুই হাজার ৯০৭ জন। এর আগে জানুয়ারিতে এক হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩ ও এপ্রিলে ৬৪০ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে জুলাইয়ের ১৯ দিনে মৃত্যু হয়েছে ১৬ জনের। আগের মাস জুনে ১৩ জন। এর আগে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুই ও এপ্রিলে দুজন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ জন এবং এর বাইরে ঢাকা বিভাগে ৮৪ জন। চট্টগ্রাম বিভাগে ৬৩ জনসহ বরিশাল বিভাগে ৭৫, খুলনা বিভাগে ৬৬, রংপুর বিভাগে ৪২, রাজশাহী বিভাগে ২৩ এবং ময়মনসিংহ বিভাগে ৩৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।