ঘুম থেকে উঠেই ঘাড়ে ব্যথা কারণ, উপসর্গ ও করণীয়
অধ্যাপক ডা. আলতাফ সরকার
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৭:৫১ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১২:২৬
| প্রিন্ট সংস্করণ
ঘুম থেকে উঠেই অনেকের ঘাড়ে তীব্র যন্ত্রণা অনুভূত হয় বা দীর্ঘ সময় একভাবে বসে থাকার পর হঠাৎ নড়াচড়া করতে গেলে ঘাড় শক্ত হয়ে যায়। এটি একটি সাধারণ সমস্যা হলেও, এর পেছনে নির্দিষ্ট কিছু শারীরিক কারণ থাকে। প্রথমদিকে ঘাড় ঘোরানোর সময় হালকা ব্যথা অনুভূত হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এ ব্যথা তীব্র হয়ে উঠতে পারে এবং ঘাড় ও কাঁধের পেশি শক্ত হয়ে যেতে পারে; যা দৈনন্দিন কাজকর্মকে ব্যাহত করে।
ঘাড়ে ব্যথার অন্যতম কারণ হলো দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকা, বিশেষ করে অফিসের কাজের ক্ষেত্রে। এ ছাড়া ঘুমানোর সময় ভুল ভঙ্গি, অতিরিক্ত মানসিক চাপ এবং হঠাৎ পেশিতে টান লাগা থেকেও এ সমস্যা দেখা দিতে পারে।
প্রচণ্ড ব্যথা হলে কিছু সহজ উপায় অবলম্বন করা যেতে পারে। ল্যাভেন্ডার অয়েল প্রাচীনকাল থেকেই ব্যথা উপশমে ব্যবহৃত হয়ে আসছে। এটি ঘাড়ে লাগালে সাময়িক আরাম পাওয়া যায়। হালকা গরম পানিতে লবণ মিশিয়ে গোসল করলে পেশি শিথিল হয়। আইস প্যাক প্রয়োগ করলে তীব্র ব্যথা কমে এবং হিটিং প্যাড ব্যবহার করলে রক্ত সঞ্চালন বাড়ে। ফলে ব্যথা হ্রাস পায়।
ঘুমের ক্ষেত্রে সঠিক ভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব বেশি উঁচু বা শক্ত বালিশ ব্যবহার করলে ঘাড়ে চাপ পড়ে; যা ব্যথার কারণ হতে পারে। কাজের মধ্যে নিয়মিত বিরতি নেওয়া এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করা ঘাড়ের পেশিকে সচল রাখতে সাহায্য করে।
মানসিক চাপও ঘাড়ের ব্যথার একটি গুরুত্বপূর্ণ কারণ। তাই নিজেকে চাপমুক্ত রাখা এবং প্রয়োজনে মেডিটেশন করা উপকারী। পাশাপাশি প্রতিদিন হালকা ব্যায়াম করলে ঘাড়ের পেশি শক্তিশালী হয় এবং ব্যথার ঝুঁকি কমে। তবে দীর্ঘস্থায়ী বা তীব্র ব্যথার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া উচিত।
লেখক: মাস্কুলোস্কেলিটাল ডিজঅর্ডারস বিশেষজ্ঞ
- বিষয় :
- ব্যথা
