শিশুর মাথাব্যথা হলে করণীয়
ডা. আবদুল্লাহ শাহরিয়ার
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৭:২৭
| প্রিন্ট সংস্করণ
বড়দের মতো শিশুরও মাথাব্যথা হতে পারে। এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। তবে শিশু ও বয়স্কদের মাথাব্যথায় কিছুটা পার্থক্য আছে। শিশুর মাথাব্যথা দীর্ঘ সময় ধরে স্থায়ী হয় না। কোনো কোনো সময় এক-আধঘণ্টার মধ্যেই সেরে যায়। শিশুর মাথাব্যথার সঙ্গে বমি ও বমি ভাব বয়স্কদের তুলনায় বেশি পরিলক্ষিত হয়। সাধারণত গরমে, বদহজমজনিত কারণ বা অস্বস্তি, ঘুম কম হলে, সারাক্ষণ ডিভাইসের দিকে তাকিয়ে থাকলে, এমনকি স্ট্রেস বা দুশ্চিন্তা থেকেও শিশু মাথাব্যথার শিকার হয়ে থাকে। খুব অল্প কিছু ক্ষেত্রে গুরুতর অসুখের কারণে শিশুর মাথাব্যথা হয়ে থাকে।
অনেক সময় শিশুর চোখের সমস্যাজনিত কারণে মাথাব্যথা হতে পারে। মাথাব্যথার সঙ্গে যদি চোখে কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে চোখের ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী। বেশির ভাগ শিশু রোদ সহ্য করতে পারে না। এসব ক্ষেত্রে স্কুলে আসা-যাওয়ার পথে শিশুকে ছাতা, ক্যাপ ইত্যাদি ব্যবহার করতে হবে।
শিশুর যদি মাইগ্রেনের সমস্যা হয় এবং মাথাব্যথার কারণ যদি বংশগত হয়, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময় শিশুর সাইনোসাইটিস, ব্রেইন টিউমারের কারণেও মাথাব্যথা হতে পারে। শিশুর মৃগীরোগ বা এপিলেপ্সি রোগ হলেও মাথাব্যথা হতে পারে।
মাথাব্যথা হলে আজকাল প্যারাসিটামল সেবন খুব স্বাভাবিক হয়ে গেছে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যারাসিটামল বা ব্যথার ওষুধ সেবন করা উচিত নয়। শিশুর মাথাব্যথা দীর্ঘস্থায়ী হলে চক্ষু, নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের শরণাপন্ন হোন।
লেখক : অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা।
- বিষয় :
- মাথা ব্যাথা
