হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
১৫ মার্চ থেকে ৬৩৯ জনের প্রাণহানি
প্রতীকী ছবি, এআই দিয়ে তৈরি।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৬ | ২১:৪২
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯৪৫ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ৮২৯ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫৪৭ জন মারা গেছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ মিলিয়ে ৬৩৯ জনের প্রাণহানি হয়েছে।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২২৯ জন ঢাকায় মারা গেছে; আর ৮৬ জন রাজশাহী বিভাগের। এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৮২ হাজার ২৯ এবং নিশ্চিত হাম রোগী ৯ হাজার ৯২৭ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৪। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৯২৭।
১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ৯৯৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৩ হাজার ১৪৫ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৮ হাজার ২১৯ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ছয় হাজার ৮৯১ জন।
পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবছরের প্রয়োজনীয় টিকা সংগ্রহে ৪১২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এদিকে চলমান স্বাস্থ্য সংকটে সহায়তার হাত বাড়িয়েছে কানাডাভিত্তিক অভিবাসন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টস। প্রতিষ্ঠানটি ভেন্টিলেটরসহ প্রায় চার কোটি টাকা মূল্যের জরুরি চিকিৎসা সরঞ্জাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মো. জামিলুর রহিম স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এসব সরঞ্জাম তুলে দেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি খাতের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং এম্পোরি আনক্সো মেডিকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শাহেদ কামাল উপস্থিত ছিলেন।
- বিষয় :
- হাম
- শিশুর মৃত্যু
