ভিটামিন এ ক্যাপসুল পাবে দুই কোটি ৩৫ লাখ শিশু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৮:৩০
| প্রিন্ট সংস্করণ
প্রায় ১৪ মাস পর আবারও সারাদেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুর পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আগামী রোববার এই বিশেষ কর্মসূচি শুরু হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এদিন ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথা জানা গেছে।
কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত প্রেস ব্রিফিং করবেন। সেখানে ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরা হবে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস বলেন, এবারের ক্যাম্পেইনে দুই কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি পাঁচ লাখ ৭৬ হাজার ১৭৮ শিশুকে দেওয়া হবে লাল রঙের ক্যাপসুল। তবে দুর্গম এলাকায় শিশুদের এর আওতায় আনতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ১২ জেলার ৫৮ উপজেলার ২৯০ ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে মূল ক্যাম্পেইনের পর আরও চার দিন ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালনা করা হবে।
ডা. মোহাম্মদ ইউনুস বলেন, ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ইতোমধ্যে এক লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেগুলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) নিয়মিত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে আরও ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, ভিটামিন এ ক্যাপসুল ইতোমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, অভিভাবকরা তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকালে রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত থাকবেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন আমরা আবার শুরু করছি। এটি সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
- বিষয় :
- ভিটামিন
