ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে ওষুধ নিতে চায় ফিলিপাইন

বাংলাদেশ থেকে ওষুধ নিতে চায় ফিলিপাইন
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১২

বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে নিজেদের ওষুধের চাহিদা পূরণে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ফিলিপাইন। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক ও জনসম্পর্ক আরও জোরদারে ঢাকা-ম্যানিলা সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট।

বুধবার ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের স্বাস্থ্যসেবা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব স্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কারে কাজ করছে সরকার। এ লক্ষ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার বাস্তবচিত্র পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে চিকিৎসাসেবার মান উন্নত বিশ্বের পর্যায়ে নেওয়ার জন্য সরকার কাজ করছে।

বৈঠকে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়েও আলোচনা হয়।

ফিলিপাইনের রাষ্ট্রদূত জানান, দেশটির মোট ওষুধের ৬৭ শতাংশ পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করতে হয়। এ অবস্থায় বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে ফিলিপাইনের ওষুধের চাহিদা পূরণে সহযোগিতা চান তিনি।

এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও জনসম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও ম্যানিলার মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।

আরও পড়ুন

×