ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ডা. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী, পালিত হলো ‘ডায়াবেটিস সেবা দিবস’

ডা. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী, পালিত হলো ‘ডায়াবেটিস সেবা দিবস’
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০৫

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও ‘ডায়াবেটিস সেবা দিবস’ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ রোববার ৬ সেপ্টেম্বর সকালে বনানী কবরস্থানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ আসর বারডেম মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মারা যান ডা. মোহাম্মদ ইব্রাহিম। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর দিনটি ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।

সকাল ১০টায় বারডেম অডিটোরিয়ামে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১টায় একই স্থানে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। বক্তব্য দেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। ডা. মোহাম্মদ ইব্রাহিমের কর্ম ও জীবন নিয়ে স্মৃতিচারণ করেন বারডেম জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট ইউনিটের সাবেক সিনিয়র কনসালটেন্ট ও ইউনিট প্রধান অধ্যাপক ডা. মো. আবুল মনসুর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারডেমের ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ (অব.)। প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত অনিবার্য কারণে উপস্থিত হতে না পারায় তার লিখিত বক্তব্য পাঠ করা হয়।

দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয় ‘ইব্রাহিম মেমোরিয়াল ওরেশন’। এতে বক্তব্য দেন কুইন মেরি বিশ্ববিদ্যালয়, লন্ডনের সি. কনসালটেন্ট হেমাটোলজিস্ট অধ্যাপক আমিন ইসলাম। পরে তাকে দুই ভরি ওজনের স্বর্ণনির্মিত লোগো সংবলিত ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে হৃদরোগীদের বিনামূল্যে পরামর্শ ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। বারডেম নার্সিং কলেজ ও বারডেম ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বারডেম জেনারেল হাসপাতাল কমপ্লেক্সে ১ সেপ্টেম্বর থেকে ছয় দিনব্যাপী এবং বিআইএইচএস জেনারেল হাসপাতাল ও এনএইচএনের বিভিন্ন কেন্দ্রের আশপাশে আজ বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হয়। দিবসটি উপলক্ষে সমিতির প্রকাশনা ‘কান্তি’র বিশেষ সংখ্যাও প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন জেলার অধিভুক্ত সমিতিগুলোও পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
 

আরও পড়ুন

×