হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ২৩:০৮
সারাদেশে হামের উপসর্গ ও ডেঙ্গু মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন।
হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন দুই হাজার ২১৮ জন, যা চলতি বছরে ডেঙ্গুতে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৮৮ জন শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৭৮ জন শিশুর। সব মিলিয়ে হামের নতুন রোগী এক হাজার ৪৬৬ জন শিশু। এ নিয়ে সরকারি হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে এক হাজার ২৩৩ জন শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৪ জন শিশুর। বাকি এক হাজার ১২৯ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ৪৬ হাজার ৩০ জন শিশু। গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ২২ হাজার ৫৫২ জন। নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২৩ হাজার ৪৭৮ জন। এ ছাড়াও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন এক লাখ ৯৭ হাজার ৯৯৯ জন শিশু। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৯০ হাজার ৩৬ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে তিনজন। ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের একজন করে শিশুমৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৮১ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে।
এদিকে ডেঙ্গুর বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৯৪২ জন, বরিশাল বিভাগে ২৩২, চট্টগ্রামে ২৪০, খুলনায় ২৮৪, ময়মনসিংহে ১২১, রাজশাহীতে ২৪৬, রংপুরে ১১৩ এবং সিলেটে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ১৬৬ জনে। চলতি বছরে মোট মৃত্যু হয়েছে ৩৮৯ জন। মৃতদের মধ্যে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
- বিষয় :
- হামের উপসর্গ
- ডেঙ্গুতে মৃত্যু