ঈদের নামাজে ‘রেড রোড’ বন্ধ হয়নি, দুর্গাপূজাতেও হবে না: শুভেন্দু অধিকারী
কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে রাজ্যের দুর্গাপূজা কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি-ভিডিও থেকে নেওয়া
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১১
সড়ক বন্ধ করে দুর্গাপূজার প্যান্ডেল করা যাবে না। পূজামণ্ডপ কিংবা বিসর্জনের সময় বাজানো যাবে না ডিজে। অষ্টমীর দিন বন্ধ থাকবে মদের দোকান ও বার। দুর্গাপূজাকে ঘিরে এমন একাধিক নির্দেশনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, গত ঈদের নামাজের সময় কলকাতার রেড রোড বন্ধ করা হয়নি। বিকল্প হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজের ব্যবস্থা করা হয়েছিল। একইভাবে দুর্গাপূজার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে কোনো আয়োজন করা যাবে না।
সোমবার কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে রাজ্যের দুর্গাপূজা কমিটিগুলোর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে পূজার আয়োজন, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসব নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক শেষে বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, পূজা ও বিসর্জন, দুই ক্ষেত্রেই ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে পূজা কমিটিগুলোর সহযোগিতা চান তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ঈদের নামাজের সময় কলকাতার রেড রোড বন্ধ করা হয়নি। বিকল্প হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজের ব্যবস্থা করা হয়েছিল। একইভাবে দুর্গাপূজার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে কোনো আয়োজন করা যাবে না। রাজ্যের কোথাও জাতীয় মহাসড়ক অবরুদ্ধ করে পূজার আয়োজন করা যাবে না। কলকাতার ১৩টি গুরুত্বপূর্ণ সড়কেও প্যান্ডেল বা পূজার আয়োজনের জন্য যান চলাচল বন্ধ করা যাবে না।
নিষেধাজ্ঞার আওতায় থাকা কলকাতার গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে রয়েছে রেড রোড, জওহরলাল নেহরু রোড, স্ট্র্যান্ড রোড, খিদিরপুর রোড, বর্ধমান রোড, ডিএল খান রোড, হসপিটাল রোড, ক্যাথিড্রাল রোড, নির্মল চন্দ্র স্ট্রিট, লেনিন সরণি, পার্ক সার্কাস কানেক্টর, টিপু সুলতান মসজিদ সংলগ্ন প্রিন্স আনোয়ার শাহ রোডসহ আরও একটি গুরুত্বপূর্ণ সড়ক।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমন কোনো কর্মকাণ্ডও করা যাবে না।
এবার রেড রোডে প্রতিমা নিরঞ্জন বা বিজয়া কার্নিভালও হবে না বলে জানান তিনি। তাঁর নির্দেশনা অনুযায়ী, বিজয়া দশমীর পর রেড রোডে প্রতিমা নিরঞ্জনের আয়োজন করা যাবে না।
এ ছাড়া দুর্গাপূজার অষ্টমীর দিন রাজ্যের মদের দোকান ও বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে দুর্গাপূজায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবার আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।