জনসুরক্ষা আইনেই ওমর আবদুল্লা ও মেহেবুবা আটক: অমিত শাহ
ওমর আব্দুল্লা ও মেহবুবা মুফতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ২৩:৫৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ | ০৪:৩৬
জনসুরক্ষা আইনে ভারতের জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর ও ফারুক আবদুল্লা এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, তাদের জনসুরক্ষা আইনে আটক করা হয়েছে। খবর জি নিউজের।
গত ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্র। বিরোধিতায় সরব হয় কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। তারপরই ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে আটক করা হয়।
বলা হয়, জনসুরক্ষা আইনে তাদের গ্রেফতার করেছে প্রশাসন। পরে একই ধারায় আটক করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাকে।
জনসুরক্ষা আইনে প্রশাসন তাদের ন্যূনতম ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত আটকে রাখতে পারে।
এই তিন নেতার আটক প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘৩৭০ ধারা রদের পরই বিরোধিতা শুরু হয়েছিল। ফলে অশান্তি এড়াতেই এই পদক্ষেপ নিতে হয়েছে।’
তিনি বলেন, প্রায় চার হাজার মানুষকে আটক করা হয়েছে। প্রায় হাজরজন এখনও জেলে বন্দি। পাথর ছোড়ার অপরাধে আটশ’ জন জেলে রয়েছে।
অমিত শাহের মতে, ৩৭০ ধারার জন্যই কাশ্মীরজুড়ে এতদিন খুনোখুনি হয়েছে। তাই এই ধারা রদ করা হয়েছে। কিন্তু এরপরও অশান্তির আশঙ্কা ছিল। যা দূর করতেই জনসুরক্ষা আইনের প্রয়োগ করা হয়েছে।
