অরুণাচলে হোটেল-রেস্তোরাঁ থেকে 'বিফ' লেখা সাইনবোর্ড সরানোর নির্দেশ
প্রতীকী ছবি
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২২ | ০৯:০৭ | আপডেট: ১৭ জুলাই ২০২২ | ০৯:৩৪
ভারতের অরুণাচল প্রদেশে সোমবারের মধ্যে সব হোটেল, লজ, রেস্টুরেন্টে 'বিফ' লেখা সাইনবোর্ড সরানোর আদেশ দিয়েছেন রাজ্যটির মহকুমা আদালতের এক বিচারক।
গত ১৩ জুলাই ওই আদেশ জারি করেন বিচারক। এতে বলা হয়েছে, আদালতের নির্দেশ অমান্য করলে দুই হাজার রুপি জরিমানা ছাড়াও হোটেল বা রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করা হবে। রাজ্যটির সংখ্যালঘু হিন্দুরা 'বিফ' লেখা সাইনবোর্ডে ক্ষুব্ধ হচ্ছিলেন বলে উল্লেখ করেন আদালত। তবে এই রাজ্যে গো মাংস খাওয়ার ওপর কোন নিষেধাজ্ঞা নেই।
অরুণাচল প্রদেশের নাহারলাগুন এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামু ডাডা তার আদেশে বলেন, হিন্দুদের কাছে গো মাংস নিষিদ্ধ। তারা এই এলাকায় সংখ্যালঘু। এদিকে আদিবাসী, খ্রিস্টানসহ অনেকেই গো মাংস খান। কিন্তু জায়গায় জায়গায় সাইনবোর্ডে 'বিফ' লেখা থাকায় হিন্দুরা আহত এবং ক্ষুব্ধ হচ্ছিলেন। এই বিষয়ে একাধিক মৌখিক অভিযোগ পেয়েছি। তাই এই নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আদালতে এমন আদেশে ক্ষোভ এবং বিতর্ক শুরু হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে নিজেদের ক্ষোভ জানিয়েছেন। নির্দেশ প্রত্যাহারের দাবিও তুলেছেন কেউ কেউ।
রাজ্যের সরকারি কর্মকর্তারা বলছেন, গো মাংস খেতে বা কেনা-বিক্রি করতে নিষেধ করা হয়নি। তবে হোটেল-রেস্তোরাঁ আগের মতোই গরুর মাংস বিক্রি করতে পারবে। কিন্তু 'বিফ' লেখা সাইনবোর্ড সরাতে হবে। কারণ এতে অনেকের ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগতে পারে, শত্রুতা বাড়তে পারে।
- বিষয় :
- অরুণাচল
- ভারত
- অরুণাচল প্রদেশ
