তিন বিদেশি সাংবাদিককে চীন ত্যাগের নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:২৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৫২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তিন সংবাদকর্মীকে চীন ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে ৩ ফেব্রুয়ারি ওই পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে 'বর্ণবাদী' মন্তব্য রয়েছে দাবি করে চীন সরকার এ আদেশ দেয়।
বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীন ত্যাগের নির্দেশ পাওয়া তিন সাংবাদিকের দুইজন যুক্তরাষ্ট্রের নাগরিক। তারা হলেন- দৈনিকটির ডেপুটি ব্যুরো চীফ জোস চিন এবং চাও দেন। আরেকজন হলেন- অস্ট্রেলিয়ার নাগরিক ফিলিপ ওয়েন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বেশ কয়েকবার বলার পরও পত্রিকাটি এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করেনি। এর পরই তাদের সংবাদকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৈধ পরিচয়পত্র থাকা সত্বেও কোনো সাংবাদিককে চীন ত্যাগের নির্দেশের এই ঘটনা গত দুই দশকে এটিই প্রথম।
বিশ্বের যে কয়টি দেশে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্র অনেকটা সংকুচিত তার মধ্যে চীন অন্যতম। দেশটিতে বিদেশি সাংবাদিকদের অবাধে কাজ করা বেশ কষ্টসাধ্য বলেই ধরে নেওয়া হয়।
ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃপক্ষ বলছে, মন্তব্য প্রতিবেদনটির লেখক নন এমন তিন সাংবাদিককে চীন ত্যাগ করতে বলা হয়েছে। এজন্য তাদের সময় দেওয়া হয়েছে মাত্র পাঁচদিন।
এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং সুয়াং বলেছেন, 'বিদ্বেষপূর্ণ আচরণ ও বর্ণবাদী বক্তব্য ছাপা হয় এমন কোনও সংবাদ মাধ্যমকে স্বাগত জানাতে পারিনা।'
- বিষয় :
- চীন
- করোনাভাইরাস
- সাংবাদিক
