আলজাজিরার বিশ্লেষণ
হরমুজে নিয়ন্ত্রণ চায় দুই পক্ষই
হরমুজকে আন্তর্জাতিক জলপথ হিসেবে মানতে নারাজ ইরানিরা
ফাইল ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০২:৩০
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতি। হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে ড্রোন হামলাকে কেন্দ্র করে দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে সংঘাতে জড়িয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সমঝোতায় স্বাক্ষরের পর ও সুইজারল্যান্ডে ইতিবাচক বৈঠকের পর নতুন করে কেন আবার দেখা দিল এ পরিস্থিতি।
বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে রয়েছে, তা দেখাতে গিয়েই এ পরিস্থিতির উদ্ভব হয়েছে। পাশাপাশি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক বেশ নাজুক পরিস্থিতিতে আছে এবং যে কোনো মুহূর্তে এর অবসান ঘটতে পারে বলেও সতর্ক করেছেন আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের আন্দ্রেয়া দেসি।
তিনি আরও বলেন, স্পষ্টতই ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষের স্বার্থই এ সংঘাতকে বাড়তে না দেওয়ার সঙ্গে জড়িত। দেসির মতে, বর্তমানে যে পরিস্থিতি এটি নতুন স্বাভাবিকত্ব। আগামী দিনগুলোতে এটি বারবার দেখা যাবে, বিশেষ করে পরবর্তী ৩০ বা ৬০ দিনের মধ্যে। আর এ সময়টিতেই দুই পক্ষ আলোচনা চালিয়ে যাবে।
এ বিশ্লেষকের মতে, দুই পক্ষই চাইবে হরমজু নিজেদের নিয়ন্ত্রণে আছে, এমনটা দেখাতে। কারণ সেটির সঙ্গে সুনির্দিষ্ট স্বার্থ জড়িত তাদের। আর এ কারণেই ভবিষ্যতে এ ধরনের সংঘাত বারবার দেখতে পাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, যা যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
এদিকে, ইউনিভার্সিটি অব তেহরানের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অধ্যয়ন বিভাগের গবেষণা ফেলো মোহাম্মদ এসলামি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের হাতে এ ধরনের বিচ্ছিন্ন হামলা চালিয়ে কূটনৈতিক সমঝোতায় আসা ছাড়া আর কোনো বিকল্প নেই।
এসলামির মতে, হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক জলপথ হিসেবে মেনে নেবে না ইরানিরা এবং নতুন রূপরেখা মেনে নেওয়ার জন্য তারা অন্য সব দেশের ওপর চাপ তৈরি করবে।
পাল্টাপাল্টি হামলার পর ইরানের রেভল্যুশনারি গার্ড কোর সমঝোতা স্মারকের আর্টিকেল ৫-এর উদ্ধৃতি দিয়ে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া যে কোনো নৌযানকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে। তা সে নৌযান ইরানের আঞ্চলিক জলপথ দিয়েই পার হোক, আর ওমানের পাশ দিয়েই যাক। এ বিষয়টি নিয়ে এখনও বিতর্ক রয়েছে, এর কোনো সুরাহা হয়নি।
আলজাজিরার বিশ্লেষণ বলছে, ইরানিরা এটা করতে চাইছে, কারণ হরমুজ প্রণালী তাদের হাতে থাকা সবচেয়ে বড় হাতিয়ার। এটি তারা হাতছাড়া করতে চায় না। তাদের বিশ্বাস, কোনো কারণে যদি এই চাপ প্রয়োগের অস্ত্র তাদের হাত ফসকে যায়, তাহলে আলোচনার টেবিলে তারা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়বে।
- বিষয় :
- ইরান
- যুক্তরাষ্ট্র
- হরমুজ প্রণালি
