মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় বেহালা বাজালেন রোগী!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:০৮ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৩৭
অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের সময় বেহালা বাজিয়ে আলোচনায় এসেছেন এক রোগী। ৫৩ বছর বয়সী ওই রোগীর নাম ডাগমার টার্নার। লন্ডনের একটি হাসপাতালে ঘটেছে এই ঘটনাটি।
ফক্স নিউজের প্রতিবেদন বলছে, শল্য চিকিৎসকরা তার মস্তিষ্ক থেকে বের করছেন টিউমার। সেই অস্ত্রোপচার চলার সময়ই বেহালা বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই ওই নারীকে নিয়ে বিশ্লেষণে নেমেছেন অনেকে।
অপারেশন টেবিলে শুয়ে বেহালা বাজিয়ে আলোচনায় আসা ডাগমার টার্নার একটি ম্যানেজমেন্ট কনসালট্যান্ট ফর্মে কাজ করেন। যন্ত্রসঙ্গীতের প্রতি তার ভালোবাসা দীর্ঘ দিনের। তাই মস্তিষ্কের টিউমার অপারেশনের তার বেহালা বাজানোর দক্ষতায় যাতে কোন ক্ষতি না হয় সে জন্য কিংস কলেজ হাসপাতালের নিউরোসার্জন প্রফেসর কেয়ুমার্স আশকান ঠিক করেন, অপারেশনের সময়ই বেহলা বাজাবেন টার্নার। এর ফলে তার মস্তিষ্ক ম্যাপিং করতে সুবিধা হয় বলে জানিয়েছেন কেয়ুমার্স আশকান।
এ বিষয়ে অধ্যাপক আশকান বলেছেন, 'আমার জীবনে এই প্রথম কোনও রোগী অস্ত্রোপচার চলাকালীন বাদ্যযন্ত্র বাজালেন। টার্নারের মস্তিষ্কের টিউমারের নব্বই শতাংশ বের করতে আমরা সমর্থ হয়েছি।'
টার্নার বলেছেন, 'বেহালা আমার প্যাশন। যখন আমার ১০ বছর বয়স তখন থেকে এটি বাজাই আমি।'
- বিষয় :
- মস্তিষ্কে অস্ত্রোপচার
- বেহালা
- লন্ডন
