ইন্দোনেশিয়ায় ফুটবল স্টেডিয়ামে মৃতের সংখ্যা ১২৫: ডেপুটি গভর্নর
পুলিশ টিয়ার শেল নিক্ষেপের পরই হুড়োহুড়ি শুরু হয়।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২২ | ০৮:৪৪ | আপডেট: ০২ অক্টোবর ২০২২ | ০৯:৩০
ইন্দোনেশিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপের পর পদদলিত হয়ে ১২৫ জন মারা গেছেন বলে জানিয়েছেন পূর্ব জাভার ডেপুটি গভর্নর এমিল দারদাক। নিহতের সংখ্যা শুরুতে ১৭৪ জন বলা হলেও পরবর্তীতে তা সংশোধন করে জানানো হয় এই ঘটনায় ১২৫ জন মারা গেছেন।
ডেপুটি গভর্নর বলেন, আগের পরিসংখ্যানে কোন কোন মৃতের সংখ্যা একাধিকবার গণনা করা হয়েছে। ফলে শুরুতে ১৭৪ জন বলা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ১২৫ জন মৃতের তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্সের।
এদিকে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ সাম্প্রতিক দশকের সবচেয়ে শোচনীয় ফুটবল স্টেডিয়াম বিপর্যয়ের তদন্ত শুরু করেছে।
শনিবার রাতে পূর্ব জাভার মালাং শহরে কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার কাছে হেরে যাওয়ার পর পরাজিত দলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার ফুটবল ভক্ত মাঠের মধ্যে ঢুকে পড়ার পর পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে দর্শকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আর তখনই এই পদ-দলনের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ বলছে, আরেমা এবং তাদের তিক্ত প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার মধ্যকার খেলায় স্টেডিয়ামটিতে উপস্থিত দর্শক সংখ্যা ধারণক্ষমতার বেশি ছিল।
পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা বলেছেন, ভিডিওতে দেখা গেছে খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে পড়ে। এরপর পুলিশ টিয়ার শেল ছুঁড়তে শুরু করে এবং এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিলো।
দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেছেন, স্টেডিয়ামটিতে ধারণ ক্ষমতার চেয়ে চার হাজার দর্শক বেশি ছিলো।
এদিকে ঘটনাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশের শীর্ষ লীগের সব খেলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
- বিষয় :
- ইন্দোনেশিয়া
- ফুটবল স্টেডিয়াম
- তদন্ত শুরু
- মৃত্যু
