ইতালিতে খাবারের দোকান ও ফার্মেসি ছাড়া সব দোকানপাট বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০০:০০ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০১:৪৯
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ইতালিতে খাবারের দোকান ও ফার্মেসি ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী গিসেপে কন্তে টেলিভিশনের মাধ্যমে এ ঘোষণা দেন। এ সময় তিনি আগামী ২৫ মার্চ পর্যন্ত ওষুধের দোকান, মুদি দোকান, প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অন্য সব দোকানপাট বন্ধের নির্দেশ দেন। দেশের নাগরিকদের সুরক্ষার জন্য এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ইতালিতে। এখন পর্যন্ত এখানে করেনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২৭ জন। দেশটিতে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজারেরও বেশি -যা চীনের পরে সর্বোচ্চ।
এর আগে দেশটির সব স্কুল, নার্সারি, বিশ্ববিদ্যালয়, যাদুঘর এবং সিনেমা হল বন্ধ করা হয়েছে। ইতালিয়ান ফুটবল লীগের সমস্ত ম্যাচ বাতিল করেছে। জনাসমাগম এড়াতে দেশটিতে বিয়ে, জানাজা বা ধর্মীয় অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাবেশও নিষিদ্ধ করা হয়েছে।
- বিষয় :
- আন্তর্জাতিক
- করোনাভাইরাস
