ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনাভাইরাস

দেড় দিনে স্পেনে আক্রান্ত দেড় হাজার মানুষ

দেড় দিনে স্পেনে আক্রান্ত দেড় হাজার মানুষ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৭:১৩ | আপডেট: ১৪ মার্চ ২০২০ | ০৭:৪২

স্পেনে ১৮ ঘণ্টায় আরও দেড় হাজার মানুষের শরীরে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত হিসেবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এতথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

নতুন করে এই ভাইরাসে আক্রান্ত ১৫শ' মানুষের মধ্যে রাজধানী মাদ্রিদেই আক্রান্তের সংখ্যা এক হাজার।

স্পেনে সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৩ জনে; মৃত্যু হয়েছে ১৩৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১৭ জন মানুষ।

পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে এখন স্পেন সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে বলে জানা গেছে। এই জরুরি অবস্থা ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৬৯ জনে; মৃত্যু হয়েছে ৫ হাজার ৪২৯ জনের।

করোনাভাইরাসকে এরই মধ্যে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সার্স ও মার্স পরিবারের সদস্য করোনাভাইরাসের সংক্রমণে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে তাকে বলা হচ্ছে কভিড-১৯।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত এ রোগে মৃত্যুহার ৩.৪ শতাংশ, যেখানে মৌসুমি ফ্লুতে মৃত্যুহার থাকে ১ শতাংশের নিচে। তবে করোনায় ৯ বছরের নিচের কেউ মারা যায়নি। প্রবীণদের মধ্যেই মৃত্যুহার বেশি।

করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো।

রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।

করোনাভাইরাসের কোনো টিকা বা ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। ফলে এমন কোনো চিকিৎসা এখনও মানুষের জানা নেই, যা এ রোগ ঠেকাতে পারে। আপাতত একমাত্র উপায় হলো আক্রান্তদের সংস্পর্শ এড়িয়ে চলা।

আরও পড়ুন

×