উহানে লকডাউন শেষে বিয়ের জন্য আবেদনের হিড়িক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৩:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের উৎসভূমি উহান থেকে আড়াই মাসের লকডাউন উঠে যাওয়ার পর বিয়ের জন্য আবেদনের হিড়িক পড়েছে। বিয়ে সম্পাদনের জন্য তৈরি অ্যালিপে অ্যাপে (Alipay App) ৩০০ বিয়ের আবেদন জমা পড়েছে সেখানে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, 'উহানের বিয়ের আবেদনের অ্যাপ আশাতীতভাবে বেশিবার ভিজিট করা হয়েছে। যার ফলে অ্যাপটি সাময়িকভাবে থমকে যায়। সিস্টেম ভেঙে না পড়লেও খুব ধীর হয়ে যায়। সেটি রিফ্রেশ করতে বেশ কিছুটা সময় লেগে যায়।' খবর এনডিটিভির।
উহানে করোনাভাইরাসের কারণে মৃত্যুমিছিলের জেরে গোটা ফেব্রুয়ারি ও মার্চে কোনো বিয়ে হয়নি। এতো আবেদন জমা পড়ার পর কিছুক্ষণের জন্য আবেদন নেওয়া বন্ধ করা হলেও পরে সমস্যার সমাধান হয়েছে। এতোদিনের হাহাকার কাটিয়ে যুগলেরা যাতে সবচেয়ে রোম্যান্টিক পথে প্রেম উদযাপন করতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। তবে আবেদনের সঙ্গে বর-কনেদের করোনামুক্তির সার্টিফিকেট পেশ করতে হবে।
চীনের সবচেয়ে প্রচারিত আলিপে অ্যাপের দাবি, 'আগে বিবাহবিচ্ছেদের আবেদনই বেশি ছিল, তবে তা ছাপিয়ে এই পরিমাণে বিয়ের আবেদন জমা পড়বে- এমনটা ভাবা যায়নি।'
